২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে চরিত্র হননে আলো-স্টার: মুহিত

পদ্মা সেতু নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুটি জাতীয় পত্রিকা চরিত্র হননের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুটি জাতীয় পত্রিকা চরিত্র হননের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, “পদ্মা সেতু নিয়ে আলোচনা চলছে। আপনারা অনেক নামটাম শুনেছেন-এটা হচ্ছে চরিত্র হনন। আমাদের প্রথিত যশা পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার চরিত্র হননে মত্ত আছে।” পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের দেওয়া তথ্যের বরাত দিয়ে গত ২০ জুন ‘১০% ঘুষ চান মন্ত্রী-সচিব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। ওই প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য চার কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ ছিলো। এ কাজ পাইয়ে দেওয়ার জন্য সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররাফ হোসাইন ভূইঞ্চা ও পদ্মা সেতু প্রকল্পের সাবেক পরিচালক রফিকুল ইসলাম কানাডাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কাছে বরাদ্দের ১০ শতাংশ ঘুষ চেয়েছিলেন। পরদিন ২১ জুন ‘পদ্মা ব্রিজ ব্রাইব ওয়াজ রেডি ফর সিক্স’ শিরোনামে ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পেতে এসএনসি-লাভালিন সাবেক যোগযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ ছয় কর্মকর্তাকে ঘুষ দিতে প্রস্তুত ছিলো। পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ নাকচ করে অর্থমন্ত্রী বলেন, “তারা যে প্রমাণ দিয়েছে এই মুহূর্তে আমার কাছে তার কোনো মূল্য নেই।” তিনি বলেন, “বিশ্বব্যাংক মে মাসে কিছু নাম দিয়ে বলেছে এরা সন্দেহজনক। তারা তাদের একটা প্রমাণও দিয়েছে। সে প্রমাণের আমার কাছে এই মুহূর্তে কোনো মূল্য নেই। আই হ্যাভ টু হ্যাভ সার্পোটিভ এভিডেন্স। সেটা না পাওয়া গেলে এ ব্যাপারে মন্তব্য করা নির্বুদ্ধিতা।” জাতীয় প্রেস ক্লাবে ২০১৩ সালের প্রস্তাবিত বাজেট পর্যালোচনার ওই অনুষ্ঠান আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম। পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণ ও পুনর্বাসনে কোনো অভিযোগ পাওয়া যায়নি মন্তব্য করে মুহিত বলেন, এসব কাজে সরকার অনেক টাকা খরচ করেছে। এখন পর্যন্ত কেউ বা কোনো জায়গা থেকে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। এমনকি বিশ্বব্যাংকও কোনো অভিযোগ করেনি। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে। ফলে বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ আটকে যায়। ২৯০ কোটি ডলারে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়াও এডিবি, জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থ দেওয়ার কথা রয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিতের পর বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। এক দফা তদন্তের পর গত ২ ফেব্রুয়ারি দুদক জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রকম দুর্নীতি হয়নি। তবে পরামর্শক নিয়োগে অনিয়ম নিয়ে তাদের তদন্ত চলছে। এ বিষয়ে গত ১৮ জুন জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/এএইচ/এএল/২২৫৪ ঘ.