২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডেসটিনি সদস্যের আত্মহত্যা

গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে না পেরে সাভারে ডেসটিনি-২০০০ এর এক সদস্য আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

সাভার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে না পেরে সাভারে ডেসটিনি-২০০০ এর এক সদস্য আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন। সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাড়ি থেকে শনিবার সকালে পুলিশ মোয়াজ্জেম হোসেন শাহীনের (৩৮) লাশ উদ্ধার করেছে। শাহীন পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর গ্রামের প্রয়াত ডা. খোরশেদ আলমের ছেলে। সাভার উপজেলা চত্বরে তার ‘শাহীন স্টোর’ নামে একটি স্টেশনারি দোকান রয়েছে। এর পাশাপাশি বেশ কিছুদিন ধরে তিনি ডেসটিনি-২০০০ প্রাইভেট লিমিটেড’র সদস্য সংগ্রহের কাজ করতেন। নিহতের স্ত্রী রোকেয়া আক্তারের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ ডেসটিনির কার্যক্রম বন্ধ হওয়ায় তার সংগ্রহ করা সদস্যরা জমা রাখা টাকা ফেরত দিতে চাপ দেয়। এছাড়া ব্যবসা করতে গিয়েও কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এতে বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারেরও অশান্তি চলছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড়বোন বাদী হয়ে সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা করেছেন, বলেন তিনি। নিহতের বড় বোন নাছিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আমার ছেলে মাহমুদ হাসান রনির মোবাইল ফোনে শাহীনের নম্বর থেকে একটি ম্যাসেজ আসে। তাতে লেখা ছিল- আমি হেরে গেলাম, আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম, আমাকে মাফ করে দিয়েন।” নাছিমা আরো বলেন, সঙ্গে সঙ্গে শাহীনের বাসায় গিয়ে তার ঘরের দরজা ভেঙে দেখি সে সিলিং ফ্যানে ঝুলছে। স্থানীয় দীপ ক্লিনিকে নিলে ডাক্তার জানান তার মৃত্যু হয়েছে। শাহীন দুই মেয়ের জনক বলে নাছিমা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.