২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের দাম না দিয়ে পালিয়েছেন ব্যবসায়ী

যশোরের বেনাপোলে প্রায় অর্ধকোটি টাকার ধানের মূল্য পরিশোধ না করে এক ব্যবসায়ী পালিয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

বেনাপোল, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে প্রায় অর্ধকোটি টাকার ধানের মূল্য পরিশোধ না করে এক ব্যবসায়ী পালিয়ে গেছেন। শুক্রবার বেনাপোল বন্দর থানার শিকড়ী গ্রামে আরাফাত হোসেন (৩৫) নামের ওই ব্যবসায়ীর বাড়ি গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতারিত কৃষক ও আড়তদাররা বলেন, চলতি বোরো মৌসুমের শুরুতে ফেব্রুয়ারি-মার্চের দিকে ধানের বাজার মন্দা থাকার সুযোগ নেন ধান-চাল ব্যবসায়ী আরাফাত হোসেন। কিছুদিন পর টাকা পরিশোধ করার শর্তে তিনি এলাকার কৃষক ও আড়তদারদের কাছ থেকে ৭৫০ টাকা মন দরে বাকিতে ধান কেনা শুরু করেন। ছোট আঁচড়া রোডের আড়ৎদার আব্দুল হান্নান থেকে নয় লাখ দুই হাজার টাকা, ইদ্রিস আলী থেকে ২৪ লাখ ৩৫ হাজার টাকা এবং আব্দুল গফুর থেকে ছয় লাখ টাকার ধান কেনেন। এছাড়া বেনাপোল, শিকড়ী, খড়িডাঙ্গা, বারোপোতা, পূটখালী ও গোগা এলাকার আরো অনেকের কাছ থেকেও একই শর্তে ধান কেনেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ধানের দাম পরিশোধ না করে আরাফাত সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান। টাকা না পেয়ে শতাধিক কৃষক ও আড়তদার প্রতিদিন তার বাড়ি গিয়ে ভিড় জমাচ্ছেন। আড়তদার আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরাফাত আমাদের কাছ থেকে ধান কিনে মাঝেমধ্যে কিছু টাকা দিতেন। কিন্তু হঠাৎ করে হাজার মন ধানের দাম পরিশোধ না করে তিনি ও তার বাবা সপরিবারে পালিয়েছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকও আরাফাত হোসেনের বাড়ি গিয়ে কাউকেই পাননি। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধান বিক্রির টাকা আত্মসাতের ঘটনায় আড়তদার ইদ্রিস আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আরাফাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮১০ ঘ.