আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হচ্ছে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেন ‘সামান্য কিছু’ সংযোজন বিয়োজন করে ২৮ জুন তা পাসের জন্য তোলা হবে। এর আগের দিন পাস হবে অর্থ বিল। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছরের বাজেট।
২৯ ও ৩০ জুন (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় এবার একটু আগেই বাজেট পাস হচ্ছে। বিদায়ী ২০১১-১২ অর্থবছরের বাজেট পাস হয়েছিল ২৯ জুন। আর অর্থবিল পাস হয়েছিল ২৮ জুন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রস্তাবিত বাজেটের বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। ছোটো-খাটো কিছু বিষয়ে বদলাতে পারে। যেমন আমি ইতোমধ্যে বলেছি মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে করের প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।”
“এর বাইরে প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে আসা সুপারিশগুলো বিচার-বিশ্লেষণ করছি। তবে এটা বলতে পারি, বড় কোনো পরিবর্তন বাজেটে হবে না”, বলেন মুহিত।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ও বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন বৃহস্পতিবার এক বৈঠকে রপ্তানি পণ্যের উৎসে কর কমানোর জোর দাবি জানালেও অর্থমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দেননি।
তিনি শুধু বলেছেন, “দেখা যাক, ২৭ তারিখে জানা যাবে।”
২৭ জুন অর্থ বিল পাস হবে। প্রথা অনুযায়ী, অর্থ বিল পাসের আগে প্রধানমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেটের কিছু বিষয়ে সংশোধনী বা পরিবর্তন আনতে অর্থমন্ত্রীকে অনুরোধ করবেন। এরপর অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুরোধ আমলে নিয়ে ওই সব বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব করবেন।
রপ্তানির ক্ষেত্রে উৎসে কর কমানোর দাবি প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উৎসে কর কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আশা করছি, গার্মেন্ট শিল্পের বর্তমান অবস্থা বিবেচনা করে তিনি আমাদের দাবি ইতিবাচক দৃষ্টিতে দেখবেন।”
এ কে আজাদ বলেন, “ইউরোপ-আমেরিকায় মন্দার কারণে রপ্তানি প্রবৃদ্ধি এবার ৮ শতাংশে নেমে এসেছে। গত বছর এটা ছিল ৪২ শতাংশ।”
এ অবস্থায় সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশ করা হলে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।
বিদায়ী অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে দশমিক ৬০ শতাংশ এবং অন্যান্য পণ্যে দশমিক ৭০ শতাংশ উৎসে কর ছিল, যা বাড়িয়ে সব পণ্যে ১ দশমিক ২ শতাংশ করার প্রস্তাব করেছেন মুহিত।
বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী ইতোমধ্যে মোবাইল বিলের উৎসে কর কমানোর আশ্বাস দিয়েছেন। বাজেট ঘোষণার পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনেই প্রথম তিনি এ ইংগিত দেন।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে এক বৈঠকেও তিনি বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেন।
প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করা হয়েছে। পোস্ট-পেইড গ্রাহকদের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকদের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে এই কর কাটার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ও সদস্যদের সঙ্গেও দীর্ঘ সময় বৈঠক করেছেন অর্থমন্ত্রী।
বাজেটে কোন কোন বিষয়ে পরিবর্তন হতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত বাজেটে আরেকটি পরিবর্তন আসতে পারে। যাদের কর সনাক্তকারী নম্বর (টিআইএন) নেই, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের আমানতের সুদের ওপর উৎসে কর কাটার হার ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল বাজেটে।
“এই হার ১০ শতাংশই রাখা হতে পারে,” বলেন তিনি।
গত ৭ জুন জাতীয় সংসদে প্রধান বিরোধীদলের অনুপস্থিতিতে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট পাসের দিনও বিরোধীদল অনুপস্থিত থাকবে বলে ইংগিত পাওয়া যাচ্ছে।
প্রস্তাবিত এই বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা চলছে। রোববার থেকে সকালেও অধিবেশন বসবে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/জেকে/১১০০ ঘ.
bdnews24