২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল বিলের উৎসে কর কমানোর আশ্বাস

মোবাইল ফোন অপারেটরদের পাঁচটি দাবি নিয়ে আলোচনার পর এ আশ্বাস দেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব পুনর্বিবেচানার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে অপারেটর রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, “অর্থমন্ত্রীর সঙ্গে পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।” অপারেটর প্রতিনিধিরা বৈঠকে বলেন, মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটা হলে অপারেটররা কোনো রশিদ দিতে পারবে না। এতে গ্রাহক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। গত ৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে এই কর কাটা হবে। বর্তমানে মোবাইল ফোন গ্রাহকরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করছেন। বর্তমান সিমপ্রতি ৬০০ টাকা কর থাকায় অপারেটরদের বিরাট অংকের ভর্তুকি দিতে হচ্ছে উল্লেখ করে মাহমুদুর সাংবাদিকদের বলেন, “আগামী বাজেটে এ টাকা ছাড় দেওয়া হলে তৃণমূল পর্যায়ে গ্রাহক সেবা বৃদ্ধি করা যেত। এর ফলে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হতো।” এ কারণে মন্ত্রীর কাছে সিম ট্যাক্স প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে বলে জানান মাহমুদুর। তিনি বলেন, “বাজেট প্রস্তাব অনুযায়ী, সিম কার্ডের আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক শতকরা ২০ ভাগ থেকে ৩০ ভাগ করা হলে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া নেটওয়ার্ক উন্নয়ন ও অন্যান্য প্রযুক্তির জন্য সফটওয়ারের ওপর আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হলে ফলে খরচ অনেক বেড়ে যাবে।” “তবে অর্থমন্ত্রী বৈঠকে বলেছেন, দেশীর সফটওয়ার শিল্পকে সহায়তা করার জন্যই আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে”, বলেন মাহমুদুর। যদিও এ খাতের জন্য প্রয়োজনীয় সফটওয়ার বাংলাদেশে তৈরি হয় না মন্ত্রীকে জানিয়েছেন অপারেটর প্রতিনিধিরা। এদিকে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রী বৈঠকে মোবাইল ফোনের বিলের ওপর উৎসে কর বাড়ানোর প্রস্তাব পুনর্বিবেচনার কথা বললেও সিম ট্যাক্স কমানোর বিষয়ে কোনো ইতিবাচক মনোভাব দেখাননি। “উৎসে কর শতভাগ না কমিয়ে নির্দিষ্ট পরিমাণ মোবাইল বিলের ওপরে, যেমন ২০০ টাকা বা এর ওপরে কারো বিল আসলে করের আওতায় আনার সিদ্ধান্ত হতে পারে।” গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট, বাংলালিংকের হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স জাকিউল ইসলামসহ অন্যান্য অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হিসাবে, বর্তমানে বাংলাদেশে ৯ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৭৪৫ ঘ.