২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুব বেশি কালো টাকা বিনিয়োগে আসবে না’

অপ্রদর্শিত আয় বিনিয়োগে আনার যুক্তি দেখিয়ে বাজেটে ‘কালো টাকা সাদা করার’ ঢালাও সুযোগ দেওয়া হলেও এর সঙ্গে একমত নয় বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত আয় বিনিয়োগে আনার যুক্তি দেখিয়ে বাজেটে ‘কালো টাকা সাদা করার’ ঢালাও সুযোগ দেওয়া হলেও এর সঙ্গে একমত নয় বিশ্ব ব্যাংক। সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, “অতীতেও বিনিয়োগ বাড়ানোর কথা বলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু লাভ হয়নি। খুব বেশি কালো টাকা বিনিয়োগে আসেনি।” ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ব ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, “১৯৭৫ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বিনিয়োগ বাড়াতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু খুব একটা লাভ হয়নি। অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবারও খুব বেশি কালো টাকা বিনিয়োগে আসবে না।” নতুন বাজেটে নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে অর্থনীতিবিদরা এর তীব্র সমালোচনা করেছেন। বাজেট ঘোষণার পরদিন এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন “মন্ত্রণালয়ের গবেষণায় দেখা গেছে, দেশে মোট জিডিপির ৪২ থেকে ৮০ শতাংশই কালো টাকা। এই টাকাকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতেই বাজেটে সুযোগ দেওয়া হয়েছে।” পরেও একাধিক অনুষ্ঠানে ‘কালো টাকা সাদা করার’ সুযোগের পক্ষে যুক্তি দেন মুহিত। গত ২০১০-১১ অর্থবছরে জিডিপির আকার ছিল ৭ লাখ ৮৭ হাজার ৪৯৫ কোটি টাকা। এই হিসাবে মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশে মোট কালো টাকার পরিমাণ ৩ লাখ ১৪ হাজার ৯৯৮ কোটি টাকা থেকে ৬ লাখ ২৯ হাজার ৯৯৬ কোটি টাকা। এই বিপুল পরিমাণ সম্পদ অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনার নামে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও তাতে খুব একটা সাড়া মেলেনি। ফলে বছর শেষে স্বল্প পরিমাণ অর্থই সাদা হতে দেখা যায়। বাজেট ঘোষণার আগে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেছিলেন, “আমি মোটেই কালো টাকা সাদা করার পক্ষে নই। তবে একটি গণতান্ত্রিক সরকারকে অনেক কিছুর সঙ্গেই সমঝোতা করে চলতে হয়।” জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৬ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও সাদা হয়েছে মাত্র ১২ হাজার ৯৯৬ কোটি টাকা। আর তা থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ১ হাজার ৩৬৮ কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) সাদা হয়েছে ৯২২ কোটি টাকা। শুধু পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে এ পরিমাণ অর্থ সাদা করার সুযোগ দিয়ে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ৯২ কোটি ২০ লাখ টাকা। ২০০৯-১০ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি কালো টাকা সাদা হয়েছে। এতে সরকার ১২১ কোটি টাকা রাজস্ব পেয়েছে। ৩ হাজার ৭৭৫ কোটি কালো টাকা সাদা হয়েছে ২০০৭-০৮ অর্থবছরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। ওই অর্থবছরে সরকার রাজস্ব পেয়েছে ৬৮৭ কোটি টাকা। বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদের শেষ প্রান্তে ২০০৫-০৬ অর্থবছরে ৪ হাজার ৬০৩ কোটি টাকা সাদা করেছিলেন কালো টাকার মালিকরা। সরকার রাজস্ব পেয়েছিল ৩৪৫ কোটি টাকা। অন্যদের মধ্যে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬৫৫ ঘ.