ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসন্তোষের পর আশুলিয়া এলাকার সব কারখানা বন্ধের মধ্যে বুধবার পোশাক শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
শ্রম ভবনে চার ঘণ্টাব্যাপী ওই বৈঠকে শ্রমিক নেতারা আশুলিয়া এলাকার সব কারখানা খুলে দেওয়া ও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন।
বৈঠকের পর বিকালে শ্রমিক নেতারা সাংবাদিকদের জানিয়েছেন, দাবি পূরণের বিষয়ে শিল্প মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।
মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকে পোশাক খাতের প্রায় ৪০টি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকের পর পোশাক শিল্প মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন শ্রমমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।
গামেন্ট খাতের জরুরি সংকটময় পরিস্থিতি মোকাবেলায় মুন্নুজান সুফিয়ান নেতৃত্বাধীন ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি’ মঙ্গলবার মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করে।
ওই বৈঠকের পর প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী শনিবারের মধ্যে তৈরি পোশাক খাতের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত ১১ জুন থেকে টানা এ সপ্তাহ অস্থিরতা চলে রাজধানীর উপকণ্ঠে আশুলিয়া শিল্পাঞ্চলে। শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শ্রমিকরা। ভাংচুর করা হয় বিপুল সংখ্যক যানবাহন।
সরকার কারখানা মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানালেও অস্থিরতা চলতে থাকে। শনিবারও অবরোধ-বিক্ষোভ চললে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সরকারের হিসাব অনুযায়ী, দেশের সাড়ে ৩ হাজার পোশাক কারখানার মধ্যে ৩৫০টিই আশুলিয়ায়। এতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪০ ঘ.
bdnews24