২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশুলিয়ায় অস্থিরতা বন্ধে সরকার আন্তরিক ছিল না’

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা বন্ধে সরকার যথাযথ উদ্যোগ নেয়নি বলে মনে করে বাংলাদেশ শিপার্স কাউন্সিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা বন্ধে সরকার যথাযথ উদ্যোগ নেয়নি বলে মনে করে বাংলাদেশ শিপার্স কাউন্সিল। মঙ্গলবার নগরীর আগ্রাবাদে এক সংবাদ সম্মেলন থেকে কাউন্সিলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী আশুলিয়ায় গত কয়েকদিনের সংঘাত, কারখানায় হামলা ও আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। জাহাজে করে পণ্যের আমদানি-রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় কাজ করে বাংলাদেশ শিপার্স কাউন্সিল। সভাপতি বলেন, “এসব কারখানা থেকে বছরে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার রপ্তানি হয়ে থাকে। আশুলিয়ায় ভাংচুরের পর সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে না পারায় বন্ধ হয়ে গেছে এবং কারখানাগুলো বিরাট অংকের রপ্তানি অর্ডার হারাতে বসেছে।” “এ ঘটনা নিয়ন্ত্রণে সরকারের যতটুকু উদ্যোগ নেওয়া দরকার তা হয়নি। এ সেক্টরের সংশ্লিষ্ট বাণিজ্যমন্ত্রী ঘটনার পর ঘটনাস্থলে যাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের আন্তরিকার অভাব ছিল,” বলেন নাসির। সংবাদ সম্মেলনে শিপার্স কাউন্সিলের সদস্য এরশাদ উল্লাহ, সহ-সভাপতি জসিম ইউ আহমদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২৫৬ ঘ.