২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফকোতে অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি সিবিএ’র

চট্টগ্রামের বহুজাতিক সার কারখানা কাফকোতে ১৭০ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে কর্মরতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহুজাতিক সার কারখানা কাফকোতে ১৭০ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সেখানে কর্মরতরা। সোমবার দুপুরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) নেতারা সংবাদ সম্মেলন করে কারখানায় অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি জানান। নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিবিএ নেতারা বলেন, গ্যাস সরবরাহ না থাকায় কাফকোতে এ বছরের ৫ জানুয়ারি থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। এরপরও এর কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পেয়ে আসছেন। তবে আগামীতে এটা নাও হতে পারে। সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আট কোটি টাকার ক্ষতি হচ্ছে উল্লেখ করে সিবিএ সভাপতি শরাফ উদ্দিন কবীর আনিস লিখিত বক্তব্যে বলেন, সরকার দেশে যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে গ্যাস বিক্রি করে, তাদের মধ্যে কাফকোই সবচেয়ে বেশি দাম দিয়ে গ্যাস কিনে থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বৃদ্ধির ওপর এ গ্যাসের দাম বৃদ্ধি নির্ভর করে। বিদেশি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত কাফকোর মতো বিশাল প্রতিষ্ঠান বন্ধ থাকলে ভবিষ্যতে দেশে বিদেশি বিনিয়োগও হুমকির মুখে পড়তে পারে বলে সিবিএ নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন। শরাফ উদ্দিন কবীর আরো বলেন, “একটি প্রতিষ্ঠান এবং এর কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত বিবেচনায় এই সার কারখানায় অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি জানাচ্ছি।” কাফকোতে বর্তমানে ২৮৩ জন কর্মকর্তা ও ৩৪৩ জন কর্মচারী রয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিবিএ সহ-সভাপতি আবু তাহের, হেদায়েত উল্লাহ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আবু সৈয়দ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, কোষাধ্যক্ষ মোবারক মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। ছয়শ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১৯৯৪ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সার কারখানা কাফকো প্রতিষ্ঠা হয়। পরের বছর এটি সার উৎপাদনে যায়। প্রতিষ্ঠানটির ৪৩ শতাংশের অংশীদার বাংলাদেশ সরকার। এছাড়া জাপানি প্রতিষ্ঠান মারুবিনি করপোরেশন ৩১ শতাংশ, ডেনমার্কের সাইকা ১৫ শতাংশ ও আইএফইউ ৯ শতাংশ এবং নেদারল্যান্ডসের স্টেমিকার্বন বিভি’র প্রায় ২ শতাংশ শেয়ার রয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, ইউরিয়া উৎপাদনের জন্য কাফকোতে ন্যূনতম ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। তবে ৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পেলে এমোনিয়া উৎপাদন করা যায়। কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ইউরিয়া সারের পাশাপাশি এমোনিয়া উৎপাদনও বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৬ ঘ.