আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আবার ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং আমদানি ব্যয় কমায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
সোমবার দিন শেষে তা বেড়ে ১০ দশমিক ০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রিজার্ভ বাড়ায় ডলারের বিপরীতে টাকা স্থিতিশীল রয়েছে বলে জানান এস কে সুর।
সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মে মাসের প্রথম দিকে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নীচে নেমে এসেছিল। গত এক মাসে রেমিটেন্স বাড়ায় তা আবার ১০ বিলিয়ন ডলারের উপরে উঠেছে।
“বর্তমানের এই রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব,” বলেন তিনি।
তিনি আরো বলেন, “আগামী এক মাস আকুর বিল পরিশোধ করতে হবে না। এই সময় পর্যন্ত রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করবে বলে আমরা প্রত্যাশা করছি।”
তথ্য অনুযায়ী, বিদায়ী ২০১১-১২ অর্থবছরের শেষ মাস জুনের ১৫ তারিখ পর্যন্ত (১৫ দিনে) ৫৩ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে।
অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থ্যাৎ জুলাই-মে সময়ে ১১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল।
সব মিলিয়ে অর্থবছরের সাড়ে এগারো মাসে ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৯ শতাংশ বেশি।
২০১০-১১ অর্থবছরে ১১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।
বাকি ১৫ দিনের রেমিটেন্স যোগ হলে এবার রেমিটেন্স ১৩ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে জানান এস কে সুর।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সামনে দুই ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স দেশে পাঠাবেন। তখন রিজার্ভ আরও বাড়বে।
একটি দেশে কমপক্ষে তিন মাসের আমদানি বিল মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকলে তা স্থিতিশীল বলে ধরে নেওয়া হয়।
অন্যদিকে প্রতি দুই মাস পর পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করতে হয়।
এর আগেও বেশ কয়েক দফা রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের উপরে উঠেছিল। কিন্তু আকুর দেনা পরিশোধের পর পরই আবার নীচে নেমে আসে।
গত বছর চার বার রিজার্ভ ১১ বিলিয়ন ডলারের উপরে উঠেছিল।
গত ২৩ এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ বিলিয়ন ডলার বার্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) প্রথম কিস্তির ১৩ কোটি ডলার যোগ হওয়ার পর রিজার্ভ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।
কিন্তু মে মাসে আকুর দেনা পরিশোধের পর তা আবার ১০ বিলিয়ন ডলারের নীচে নেমে এসেছিল।
নভেম্বরে আইএমএফ ইসিএফের দ্বিতীয় কিস্তি ছাড় করবে।
আন্ত:ব্যাংক মুদ্রা বাজারে সোমবার প্রতি ডলার ৮১ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়েছে।
প্রায় তিন মাস ধরে ডলারের বিপরীতে টাকা এই স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে।
তিন মাস আগে ডলারের দর প্রায় ৮৫ টাকায় উঠেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) আমদানি ব্যয় বেড়েছে ১০ শতাংশের সামান্য বেশি। আর রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ।
গত তিন মাস ধরে (মার্চ থেকে) আমদানি ব্যয় প্রায় ১০ শতাংশ হারে কমছে।
সর্বশেষ মে মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে।
গত অর্থবছরে আমদানি ব্যয় ও রপ্তানি আয় উভয়ই প্রায় ৪২ শতাংশ বেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৯৩৬ ঘ.
bdnews24