আবদুর রহিম হারমাছি
কাঠমান্ডু থেকে ফিরে
ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বাংলাবান্ধা ও নেপালের কাকরভিটা স্থল বন্দরের মধ্যে সড়ক দূরত্ব খুব বেশি নয়, ২০ কিলোমিটার। তবে এই পথেই আটকে আছে বাণিজ্যের সম্ভাবনা। কারণ ‘চিকেন নেক’ নামে পরিচিত এই পথটি পড়েছে ভারতের শিলিগুড়িতে।
সংশ্লিষ্টরা বলছেন, ভারত এ পথে ট্রানজিট চালুর অনুমতি দিলে বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য এক লাফে কয়েকগুণ বেড়ে যাবে।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক মনে করেন, এই ট্রানজিট চালু হলে এক বছরের মধ্যেই নেপালে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ হবে। নেপালের শুল্ক কর্মকর্তারাও একমত তার সঙ্গে।
বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে ট্রানজিট চালুর বিষয়টি অনেক দিন ধরে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এর পেছনে কারণ হিসেবে বলা যায় দুই দেশের দর কষাকষিকে।
একদিকে রয়েছে তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাগ্রহ এবং অন্যদিকে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করলে ভারত কী হারে টোল বা ফি দেবে তা নিয়ে বাংলাদেশের হিসেব-নিকেশ।
তবে সম্ভাবনাময় বাংলাদেশ-নেপাল বাণিজ্যের বর্তমান যে চিত্র তাতে লাভবান হচ্ছে নেপালই। পরিসংখ্যান বলছে, গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ নেপালে এক কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আর একই সময় নেপাল রপ্তানি করেছে আট কোটি ডলারের পণ্য।
স্থলপথে যোগাযোগ না থাকায় দুই দেশের মধ্যে সীমিত পরিসরের এই বাণিজ্য নৌ ও অকাশ পথে হয়ে আসছে।
শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতবাসে নিমচন্দ্র ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন বছরে নেপালের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য অনেক বেড়েছে। বাংলাবান্ধা-কাকরভিটা ট্রানজিট চালু হলে নেপালে বাংলাদেশের রপ্তানি এক বছরেই দ্বিগুণ হয়ে যাবে। এরপর প্রতি বছর এই রপ্তানি ৩০ শতাংশ হারে বাড়বে।”
একই দিন কাঠমান্ডুতে নেপালের কাস্টমস অফিস পরিদর্শনে গিয়ে শোনা গেল প্রায় একই কথা।
চিফ কাস্টমস অফিসার দিবা রাজ পোখরেল বলেন, “নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ভারতই প্রধান বাধা।”
চার দিন কাঠমান্ডুতে অবস্থানের সময় সেখানকার অভিজাত বিপণিবিতানগুলো ঘুরে দেখা যায়, সেখানে বাংলাদেশের তৈরি পোশাকের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রায় সব দোকানেই বাংলাদেশের তৈরি শার্ট, টি শার্ট, জ্যাকেট ঝুলতে দেখা গেছে।
এমনকি চায়না মার্কেটের দোকানগুলোও বাংলাদেশের পোশাকে সয়লাব। কাঠমান্ডুর খুবই পরিচিত এই মার্কেটে আগে শুধু চীন থেকে আমদানি করা পোশাক পাওয়া গেলেও এখন অবস্থা বদলেছে।
চায়না মার্কেটের একটি দোকান থেকে বাংলাদেশের তৈরি দুটি টি শার্ট কেনেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক ফজলুর রহমান।
আলাপকালে দোকানদার টয়েম রায়া বলেন, “নেপালে বাংলাদেশের তৈরি পোশাকের খুবই চাহিদা। ভারত ও চীনের পোশাকের চেয়ে এগুলোর দামও কম। কিন্তু আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারিনা। কারণ সামান্য পোশাক বাংলাদেশ থেকে আসে।”
এক বছর ধরে নেপালে আছেন বাংলাদেশের সরফরাজ আহমেদ। তিনি কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির একাডেমিক কনসালটেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সরফরাজ বলেন, “শুধু চায়না মার্কেট নয়। পর্যটন এলাকা নামে পরিচিত থামেলসহ কাঠমান্ডুর সব মার্কেটেই এখন বাংলাদেশের পোশাকের কদর বেড়েছে।”
নেপালে বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিক। তিনি জানান, বাংলাদেশের জুসও নেপালিদের বেশ পছন্দের। ইতোমধ্যে প্রাণ গ্র“প কাঠমান্ডুতে একটি অফিস খুলে ব্যবসা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এএল/২০২৪ ঘ.
bdnews24