২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বাজারে কারসাজি করে দাম বাড়ালে শাস্তি

‘প্রতিযোগিতা আইন’ হওয়ায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারবে না, বলেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পরিক যোগসাজশে বাজারে পণ্যের দাম বাড়ালে এখন শাস্তি পেতে হবে। রোববার এই সংক্রান্ত আইন পাস করেছে সংসদ। ‘প্রতিযোগিতা আইন-২০১২’ বিল সংসদে পাসের জন্য উত্থাপন করার সময় বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই আইন পাস হলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারবে না। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য বাজার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ছিল। এই আইন করা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়ক হবে বলে দলীয় নেতারা বলছেন। নতুন আইনে বাজারে সুস্থ প্রতিযোগিতার জন্য ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ গঠন করা হবে। আইন কমিশনের আদেশ লঙ্ঘনে এক বছর কারাদণ্ড বা প্রতিদিন ব্যর্থতার জন্যে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। সংসদে পাস হওয়া এই বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, “মুক্ত বাজারের সুবিধা নিয়ে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে থাকে। বিভিন্ন দেশে এই ধরনের আইন করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও এই আইন চালু আছে। যারা কারসাজি করে দাম বাড়াবে, তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই আইনে।” “এই আইন বাস্তবায়ন হলে কেউ বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না, ব্যবসায়ীদের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা থাকবে না,” বলেন তিনি। মন্ত্রী বলেন, “কোনো প্রতিযোগিতা আইন না থাকলে কিছু অসাধু ব্যবসা প্রতিষ্ঠান লিখিত বা অলিখিত চুক্তির মাধ্যমে একত্রিত হয়ে ‘প্রাইস ফিক্সিং’ করে পণ্যের স্বাভাবিক সরবরাহ ব্যাহত করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাতে পারে।” নতুন আইনের লক্ষ্য, ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ উৎসাহিত করতে ষড়যন্ত্রমূলক, যোগসাজশ (কল্যুশন), মনোপলি ও ওলিগপলি অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, নিয়ন্ত্রণ বা নির্মূল। বাজারে সুস্থ প্রতিযোগিতা টিকিয়ে রাখতে ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ গঠনের কথা বলা হয়েছে আইনে। পণ্য বা সেবাবাজারে জোটবদ্ধতা (কম্বিনেশন) যা প্রতিযোগিতাকে বিরূপভাবে প্রভাবিত করে বা প্রভাবিত করার কারণ ঘটায় তা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিযোগিতা কমিশনে একজন চেয়ারপারসন ও অনধিক চার জন সদস্য থাকবে। তাদের মেয়াদ হবে তিন বছর। কোনো ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি হলে তাকে কমিশনের চেয়ারপারসন বা সদস্য হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এই বিলটি গত ৭ মার্চ সংসদে উত্থাপন করা হয়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এরপর রোববার তা উত্থাপন করা হলে কণ্ঠভোটে পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/১৯২৭ ঘ.