লন্ডন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণের জন্য একটি কোম্পানি গঠন করে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহের প্রস্তাব দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।
পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগ বাড়াতে লন্ডনে আয়োজিত শেয়ার বাজার মেলায় অংশ নিতে যুক্তরাজ্যে গিয়ে শনিবার তিনি এ কথা বলেন।
রকিবুর বলেন, পদ্মা সেতুর জন্য কোম্পানি করে সরকারের উচিৎ এর ৫০ শতাংশ শেয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য ছেড়ে দেওয়া।
“৫০ শতাংশ শেয়ার প্রবাসীদের জন্য ছেড়ে দেওয়া হলে দুটি বিষয়ে খুশি হবেন। একটি হল তারা নাড়ির টানে দেশের একটি প্রজেক্টের জন্য শেয়ার কিনবেন আর তার জানবেন তারা একটি ভাল শেয়ারে বিনিয়োগ করছেন।”
বিশ্বব্যাংক, আইএমএফ ঋণে বিনিময়ে শর্ত দিয়ে আবদ্ধ করে- এমন মন্তব্য করে ডিএসই সভাপতি বলেন, “প্রবাসীদের হাতে শেয়ার ছেড়ে দিলে আমাদের আর বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল হতে হবে না।”
শেয়ারের বদলে সরকার প্রবাসীদের জন্য বন্ড ছাড়লে খুব বেশি সুফল পাওয়া যাবে না বলেও মনে করেন রকিবুর।
তিনি বলেন, “বন্ড প্রবাসীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে না। পাঁচ শতাংশ সুদে তারা বন্ড কিনবেন না। তবে এর ৫০ শতাংশ যদি শেয়ারে রূপান্তর করা যায় তাহলে কিছুটা কাজ হবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে। এই পরিস্থিতিতে সম্প্রতি সরকার এই সেতু নির্মাণের জন্য মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করে।
শিগগিরই এ বিষয়ে মালয়শিয়ার সঙ্গে চ’ড়ান্ত চুক্তি হতে পারে বলেও কয়েকদিন আগে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শেয়ার বাজার সম্পর্কে অর্থমন্ত্রীর সাম্প্রতিকতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রকিবুর রহমান বলেন, “অর্থমন্ত্রী গত দুই বছর নানা প্রণোদনা দিয়েছেন। তিনি হতাশা থেকেই এ কথাগুলো বলেছেন। পৃথিবীর সব পুঁজিবাজারেই কিছু দুষ্টু লোক থাকে, কিন্তু পুরো শেয়ার বাজার দুষ্টু নয়।”
গত ১১ জুন জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এই শেয়ার বাজার সম্পর্কে তিনি কোনো বক্তব্য দিতে চান না, কারণ এটি ‘দুষ্টু’ শেয়ার বাজার।
দেশে দুই লাখ প্রবাসীর বিও একাউন্ট আছে উল্লেখ করে ডিএসই সভাপতি বলেন, নতুন আইপিওর ক্ষেত্রে প্রবাসীদের জন্য ১০ শতাংশ কোটাও বাড়ানো প্রয়োজন।
কারি লাইফ ইভেন্টসের আয়োজনে রোববার পূর্ব লন্ডনে তিন দিনের এ মেলার উদ্বোধন করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান। মেলায় যোগ দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের ১০টি স্টকব্রোকার কোম্পানি এই মেলায় অংশ নিচ্ছে। এসব কোম্পানির বিনিয়োগ বিশেষজ্ঞরা প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে পরামর্শ দেবেন এবং বিও একাউন্ট খোলার ব্যাপারে সহায়তা দেবেন।
এর আগে গত বছরের মার্চেও লন্ডনে শেয়ার বাজার মেলার আয়োজন করা হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল লন্ডনে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্টকব্রোকিং কোম্পানি, ইনভেস্টমেন্ট ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১২০৫ ঘ.
bdnews24