কাঠমান্ডু (নেপাল), জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
দেশ দুটির জলবিদ্যুৎ সম্ভবনাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্ভব বলেও মনে করেন তারা।
নেপালের এক বিদ্যুৎ কর্মকর্তা বলেন, নেপাল ও ভুটানের সম্পদ ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন এবং তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্বালানি বাণিজ্য গড়ে তোলা যেতে পারে।
বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাংবাদিকদের জন্য বিশ্বব্যাংক অয়োজিত আঞ্চলিক সহযোগিতা বিষয়ক এক কর্মশালার সমাপনী দিনে বিশেষজ্ঞরা এ মত দেন।
কর্মশালার এক পর্যায়ে সকালে সাংবাদিকরা নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের (নেপাল ইলেকট্রিসিটি অথরিটি) দপ্তর পরিদর্শনে গেলে সেখানে সংস্থাটির পরিচালক শের সিং বাট একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
তাতে বলা হয়, নেপালে ৮৩ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কিন্তু বড় ধরনের বিনিয়োগের অভাবে এ বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে না।
আর ভুটানে ২৩ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব।
এই দুই দেশের বিদ্যুতের চাহিদা খুবই কম। বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে এই দুই দেশে বিদ্যুৎ উৎপন্ন করে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে সরবরাহ করা গেলে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে।
বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব উল্লেখ করে ওই প্রেজেন্টেশনে বলা হয়, “এই অঞ্চলে ‘জ্বলানি বাণিজ্য’ নামে সম্ভাবনাময় একটি বাণিজ্য গড়ে উঠবে। এর মাধ্যমে একদিকে যেমন এই অঞ্চলে জ্বলানি নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যের হার কাঙ্খিত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে।”
নেপালের সাবেক বাণিজ্য সচিব পুরুষোতোম অধিকারী বলেন, “নেপাল ও ভুটানে ব্যাপক জলবিদ্যুৎ সম্পদ রয়েছে। বাংলাদেশে আছে গ্যাস ও কয়লা। ভারতে রয়েছে কয়লা। কিন্তু এই সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারছে না বলে দক্ষিণ এশিয়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।”
তিনি বলেন, “এই অঞ্চলের জন্য সমন্বিত (অভিন্ন ) সরবরাহ লাইন দরকার।”
“ভারতকে তার বাজার উন্মুক্ত করতে হবে। আর অঞ্চলিক জ্বালানি বাণিজ্য কার্যকর হলে ভারতই একমাত্র দেশ যে কি না সবচেয়ে বেশি উপকৃত হবে।”
সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড- এর নির্বাহী পরিচালক রতœাকর অধিকারী বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুতের জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। এ ধরনের বড় বিনিয়োগ কোনো দেশের একার পক্ষে যোগান দেওয়া সম্ভ নয়। এক্ষেত্রে বিশ্বব্যাংকসহ উন্নয়ন সংস্থাগুলোকেই সবার আগে এগিয়ে আসতে হবে।
“সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একটি তহবিল গঠন করা যেতে পারে,” বলেন তিনি।
বর্তমানে ভারতে বিদ্যুতের মোট চাহিদা এক লাখ ১০ হাজার মেগাওয়াট। উৎপাদন হয় ৯৫ হাজার মেগাওয়াটের মতো।
বাংলাদেশে চাহিদা ছয় হাজার মেগাওয়াটের কিছু বেশি। উৎপন্ন হচ্ছে চার হাজার থেকে সাড়ে চার হাজার মেগাওয়াট।
পাকিস্তানের চাহিদা ২০ হাজার মেগাওয়াটের বেশি। সেখানে উৎপন্ন হয় ১৫ থেকে ১৬ হাজার মেগাওয়াট।
নেপালে সাড়ে সাতশ থেকে আটশ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপন্ন হচ্ছে সাড়ে পাঁচশ থেকে ছয়শ’ মেগাওয়াট।
শ্রীলঙ্কায় বিদ্যুতের চাহিদা দুই হাজার মেগাওয়াট। সব সময়ই সেখানে চাহিদার চেয়ে বেশি উৎপন্ন হয়।
তিন দিনব্যাপী এ কর্মশালায় দক্ষিণ এশিয়ার সব দেশের অর্থনীতি বিষয়ক সাংবাদিকরা অংশ নেন। রেডিসন হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এইচএ/২০২৬ ঘ.
bdnews24