ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বহুজাতিক কোম্পানি সান্তোসের কাছ থেকে গ্যাস কিনছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বুধবার বিদ্যুৎ ভবনে পিডিবির পক্ষে কোম্পানি সচিব আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সান্তোসের পক্ষে সভাপতি জন চেম্বার এই সংক্রান্ত চুক্তিতে অনুস্বাক্ষর করেন।
প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্য সান্তোসকে সাড়ে ৪ ডলার হারে দাম দেবে পিডিবি।
দেশে কার্যরত আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোর মধ্যে সান্তোসই প্রথমবারের তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি শুরু করল।
সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করবে সান্তোস। তবে গ্যাস সরবরাহের জন্য হুইলিং চার্জ (সঞ্চালন) এখনো নির্ধারণ হয়নি।
পেট্রোবাংলার সঙ্গে আলোচনার ভিত্তিতে এ চার্জ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে পিডিবির চেয়ারম্যান চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর জানান।
বর্তমানে সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে দৈনিক গড়ে ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২২৫৫ ঘ.
bdnews24