আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী ২০১১-১২ অর্থবছরে দশ মাসের হিসাবেই বাণিজ্য ঘাটতির পরিমাণ গত অর্থবছরের পুরো ঘাটতিকে ছাড়িয়ে গেছে।
বাকি দুই মাসের হিসাব যোগ হলে এবার বাণিজ্য ঘাটতির পরিমাণ সাড়ে ৮ বিলিয়ন (৮৫০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলছেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর (রেন্টাল পাওয়ার প্লান্ট) জন্য বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করতে হওয়ায় এবার বাণিজ্য ঘাটতি বেড়েছে।
বাংলাদেশ এ সপ্তাহে বাণিজ্য ঘাটতির সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সামগ্রিক বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৪ কোটি ৫০ লাখ (৭ দশমিক ৩৫ বিলিয়ন) ডলার।
২০১০-১১ অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৬৬৮ কোটি ৫০ লাখ ডলার। আর পুরো অর্থবছরে (জুলাই-জুন) ঘাটতি ছিল ৭৩২ কোটি ৮০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিভিন্ন পণ্য আমদানি খাতে মোট ব্যয় হয়েছে দুই হাজার ৬৮৮ কোটি ৮০ লাখ (২৬ দশমিক ৮৯ বিলিয়ন) ডলার।
এই সময়ে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি করে মোট আয় হয়েছে এক হাজার ৯৫৪ কোটি ৩০ লাখ (১৯ দশমিক ৫৪ বিলিয়ন) ডলার।
অর্থাৎ জুলাই-এপ্রিল সময়ে আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য দাঁড়াচ্ছে ৭৩৪ কোটি ৫০ লাখ ডলার।
মির্জ্জা আজিজ বলেন, “মূলত জ্বালানি তেল আমদানি বেড়ে যাওয়ার কারণেই বাণিজ্য ঘাটতি এভাবে বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বেশি ফার্নেস অয়েল ও ডিজেলের প্রয়োজন হচ্ছে। এ কারণে আমদানিও বেশি করতে হচ্ছে।
“কিন্তু যে হারে আমদানি ব্যয় বাড়ছে, সে তুলনায় রপ্তানি আয় বাড়ছে না। ফলে ঘাটতি দিন দিন বাড়ছে।”
সাবেক এই উপদেষ্টার মতে, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ পড়ছে। ফলে ডলারের বিপরীতে টাকার মানও কমছে।
মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থবছরের শেষ দিকে এসে আমদানি ব্যয় কিছুটা কমলেও তার চেয়ে বেশি কমেছে রপ্তানি আয়। এ কারণে অর্থবছরের শুরুতে বাণিজ্য ঘাটতির যে ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়েছিল, বছরের শেষেও তা অব্যাহত থাকছে।”
সব মিলিয়ে এবার বাণিজ্য ঘাটতি ৮৫০ কোটি (৮ দশমিক ৫ বিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে বলে সিপিডির নির্বাহী পরিচালকের ধারণা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-এপ্রিল সময়ে জ্বালানি তেল আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে ৬২ দশমিক ৬২ শতাংশ। আর এলসি নিস্পত্তির পরিমাণ বেড়েছে ৫৬ দশমিক ৯৪ শতাংশ।
২০১০-১১ অর্থবছরে আমদানি ব্যয় ও রপ্তানি আয় প্রায় সমানতালে বেড়েছিল। আমদানি ব্যয় বেড়েছিল আগের বছরের তুলনায় ৪১ দশমিক ৭৯ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছিল ৪১ দশমিক ৪৭ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১২১০ ঘ.
bdnews24