ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর পর তিন মাস ধরে দেশের রপ্তানি আয়ে নেতিবাচক ধারা চলছে।
গত মে মাসে ২০১১ সালের মে মাসের তুলনায় রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ। এপ্রিল মাসে কমেছিল ৭ দশমিক ১৩ শতাংশ। আর মার্চ মাসে গত বছরের মার্চের চেয়ে কমেছিল ৭ দশমিক ২৩ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার প্রকাশিত তথ্যে রপ্তানি আয়ের এই নেতিবাচক ধারা ফুটে উঠলেও অর্থবছরের প্রথম ১১ মাসের মোট হিসাবে গত বছরের তুলনায় আয় বেড়েছে।
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। তবে এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে তা ৭ দশমিক ৫২ শতাংশ কম।
ইপিবির তথ্য অনুযায়ী, শেষ হতে যাওয়া ২০১১-১২ অর্থবছরের জুলাই-মে সময়ে ২ হাজার ১৯৭ কোটি ৬৫ লাখ (২১ দশমিক ৯৮ বিলিয়ন) ডলার রপ্তানি আয় দেশে এসেছে।
এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩৭ কোটি ৬০ লাখ ডলার।
২০১০-১১ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৫ কোটি ৪০ লাখ ডলার।
গত মে মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫০ কোটি ডলার, তবে আয় হয়েছে ২০২ কোটি ডলার।
মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৯৯ শতাংশ রপ্তানি আয় কম এসেছে, যা গত বছরের মে মাসের চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কম।
গত বছরের মে মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ২২৯ কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৫১ ঘ.
bdnews24