ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদার বিপরীতে উৎপাদন কমে যাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ডিম ও মুরগির বাচ্চা আমদানির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা।
মন্ত্রণালয় বলছে, সরকারি সনদধারী আমদানিকারকরা আগামী ৩০ জুন পর্যন্ত এ সুযোগ ভোগ করতে পারবেন।
আগামী জুলাই মাসের শেষ অর্ধে রমজান শুরু হবে। ওই সময়ে দেশে ডিম ও মুরগির চাহিদা বেড়ে যাবে। তবে এর আগেই এই দুটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
কয়েক মাসে মুরগির মাংসের কেজি ৫০ টাকা বেড়ে এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিমের হালি ২৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৮-৩৯ টাকায়।
বাণিজ্য মন্ত্রণালয় পৃথক আদেশে গত ৫ জুন ডিম ও মুরগির বাচ্চার পাশাপাশি লবণ আমদানির ওপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তবে ৩০ জুনের পর কী সিদ্ধান্ত হবে- সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার উপসচিব আবু ছিদ্দিক সরদার বলেন, “৩০ জুনের পরে কী হবে, সে ব্যাপারে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে ৩০ জুন পর্যন্ত ডিম, মুরগির বাচ্চা ও লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।”
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বার্ড ফ্লু রোগ মুক্ত দেশ থেকে ডিম ও মুরগির বাচ্চা আমদানি করতে হবে। এক্ষেত্রে রপ্তানিকারক দেশ থেকে এ সংক্রান্ত নিশ্চয়তাপত্র জমা দিতে হবে আমদানিকারককে।
আর লবণ আমদানির ক্ষেত্রে একজন সর্বোচ্চ ১০ হাজার মেট্রিক টন পর্যন্ত আমদানির ঋণপত্র (এলসি) খোলার সুযোগ পাবেন বলে আদেশে বলা হয়েছে।
মুরগি ও ডিমের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এর আগে ২০১০ সালে ভারত থেকে ১০ কোটি ব্রয়লার মুরগির বাচ্চা আমদানির অনুমতি দেওয়া হয় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে। ওই সময় ভারত থেকে প্রায় একই পরিমাণ ডিমও আমদানি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৫ ঘ.
bdnews24