২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিতে উৎসে কর বৃদ্ধি হতাশাজনক: এফবিসিসিআই

তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ প্রস্তাবকে ‘হতাশাজনক’ উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, “রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের হার নিম্নমুখী এবং অধিক সুদ ও বিভিন্ন খরচের কারণে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতির সম্মুখীন। এমন সময় প্রস্তাবিত বাজেটে উৎসে কর দ্বিগুণ করার প্রস্তাব অযৌক্তিক এবং বাস্তবতাবর্জিত।” বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সব ধরনের রপ্তানি পণ্যে ১ দশমিক ২ শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করে বলেন, “রপ্তানি বাণিজ্য থেকে কর আদায় করাও দেশের স্বার্থে দরকার।” এ প্রস্তাব বাদ দেওয়া না হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি। ২০১২-১৩ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়া জানাতে এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে করমুক্ত আয়ের সীমা না বাড়িয়ে নূন্যতম কর দুই হাজার থেকে তিন হাজার করার প্রস্তাবেরও সমালোচনা করেন এ কে আজাদ। তার মতে, এই সিদ্ধান্তও ‘যুক্তিযুক্ত হয়নি’। তবে সার্বিক বিচারে তিনি বলেন, “আপাতদৃষ্টিতে সরকার জাতীয় স্বার্থে প্রবৃদ্ধি, ব্যবসা ও পুঁজিবাজারবান্ধব বাজেট প্রণয়নে আন্তরিক চেষ্টা চালিয়েছে।” বাজেটে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া এবং স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগকে সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন তিনি। প্রস্তাবিত বাজেটে ঘাটতির যে পরিমাণ ধরা হয়েছে, তা মোট জিডিপির ৫ শতাংশের কম হলেও দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এটি অনেক বেশি বলে মনে করে এফবিসিসিআই। আজাদের আশঙ্কা, ঘাটতি মোকাবেলায় সরকার ব্যাংকের ঋণের ওপর নির্ভর করায় তারল্য সংকট আরও বাড়বে এবং বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিতে নেতিবাচক প্রভাব পড়বে। জাতীয় সংসদে উপস্থাপিত ২০১২-১৩ সালের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে ২৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, যা বিদায়ী অর্থবছরের ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি। তার ১ লাখ ৯২ হাজার কোটি টাকার বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৫২ হাজার কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৩০ ঘ.