বেনাপোল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে)- শ্রমিক ধর্মঘটের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও পুরোদমে কাজ চলছে বেনাপোল স্থলবন্দরে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর ও কাস্টমসের সাথে কথা বলে আমরা ছুটির দিনেও বন্দর সচল রেখেছি। কয়েকদিন কাজ বন্ধ থাকায় সীমান্তের দুই পাশের বন্দরে যে পণ্যজট সৃষ্টি হয়েছে তা কমিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল কালাম আযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা শনিবার থেকে পাঁচ দিন কাজ বন্ধ রাখায় বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়। স্থানীয় সাংসদ শেখ আফিলউদ্দীন শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে বুধবার দুপুরে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার সকাল থেকে বন্দর আবার সচল হলেও সপ্তাহের শেষ দিনে বন্দর গুদাম থেকে আমদানি পণ্য খালাস করা ছাড়া আর তেমন কোনো কাজ হয়নি। শ্রমিকরা শুক্রবার সকাল থেকে পুরোদমে কাজে যোগ দিলে প্রাণচাঞ্চল্য ফিরে পায় দেশের বৃহত্তম এই স্থলবন্দর।
বন্দর পরিচালক জানান, পণ্যজট কমাতে শনিবারও বন্দরের কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত হয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন শ্রমিক ধর্মঘটের কারণে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দর থেকে গাইঘাটা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের দুই ধারে রপ্তানি পণ্যবাহী কয়েক হাজার আটকা পড়েছে। বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিজভি আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পণ্য জট কমাতে অফিস আওয়ার বাদেও বাড়তি সময় কাজ করে যাচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/জেকে/১১০১ ঘ.
bdnews24