ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে যে কোনো খাতে কালো টাকা সাদা করা যাবে।
বৃহস্পতিবার দীর্ঘ বাজেট বক্তৃতায় কালো টাকা সাদা করার বিষয়ে কিছুই বলেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে বাজেট বক্তৃতার শেষে অর্থমন্ত্রী সংসদে যে অর্থ বিল উপস্থাপন করেছেন, তাতে কালো টাকা সাদা করার সুযোগের কথা বলা হয়েছে।
চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে পুঁজিবাজার ও সরকারি ট্রেজারি বন্ডে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার উপস্থাপিত অর্থ বিলের ১৭ অনুচ্ছেদে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশে ১৯ (ই) ধারা সংযোজন করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
এতে ব্যক্তি শ্রেণির আয়করের নির্ধারিত হারের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, চলতি অর্থবছরের অপ্রদর্শিত আয় বৈধ করতেও ১০ শতাংশ হারে জরিমানা, আবার আগের যে কোনো সময়ের অপ্রদর্শিত আয়ের ক্ষেত্রেও একই হারে জরিমানা দিতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক হিসাব অনুযায়ী, দেশের জিডিপির ৪০ থেকে ৮০ শতাংশই কালো টাকা। আর গত ২০১০-১১ অর্থবছরে জিডিপির আকার ছিল ৭ লাখ ৮৭ হাজার ৪৯৫ কোটি টাকা।
এ হিসাবে দেশে মোট অপ্রদর্শিত সম্পদের পরিমাণ ৩ লাখ ১৪ হাজার ৯৯৮ কোটি টাকা থেকে ৬ লাখ ২৯ হাজার ৯৯৬ কোটি টাকা বা সমমূল্যের সম্পদ।
এই বিশাল সম্পদ অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনার নামে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও তা গ্রহণ করছেন না ওই টাকার মালিকরা। ফলে বছর শেষে অল্প পরিমাণ অর্থই সাদা হতে দেখা যায়।
স¤প্রতি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেছিলেন, “আমি মোটেই কালো টাকা সাদা করার পক্ষে নই। তবে একটি গণতান্ত্রিক সরকারকে অনেক কিছুর সঙ্গেই সমঝোতা করে চলতে হয়।”
পরে অন্য একাধিক অনুষ্ঠানে তিনি বলেন, পুঁজিবাজারে যেসব সুযোগ রয়েছে তা অব্যাহত থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৬ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও সাদা হয়েছে মাত্র ১২ হাজার ৯৯৬ কোটি টাকা। ফলে এখান থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ১ হাজার ৩৬৮ কোটি টাকা।
চলতি ২০১১-১২ অর্থবছরে সাদা হয়েছে ৯২২ কোটি টাকা। শুধু পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে এ পরিমাণ অর্থ সাদা করার সুযোগ দিয়ে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ৯২ কোটি ২০ লাখ টাকা।
২০০৯-১০ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি কালো টাকা সাদা হয়েছে। এতে সরকার রাজস্ব পেয়েছে ১২১ কোটি টাকা। ৩ হাজার ৭৭৫ কোটি কালো টাকা সাদা হয়েছে ২০০৭-০৮ অর্থবছরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। ওই অর্থবছরে সরকার এখান থেকে রাজস্ব পেয়েছে ৬৮৭ কোটি টাকা।
বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদের শেষ প্রান্তে ২০০৫-০৬ অর্থবছরে ৪ হাজার ৬০৩ কোটি টাকা সাদা করেছিলেন কালো টাকার মালিকরা। সরকার রাজস্ব পেয়েছিল ৩৪৫ কোটি টাকা।
আগামী অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে, এটা দুর্নীতির হাতে ‘রাজনৈতিক আত্মসমর্পণ’।
রাতে গণমাধ্যমে পাঠানো টিআইবির এক বিবৃতিতে বলা হয়, “এর ফলে অবৈধ উপার্জনকারী ও কর ফাঁকি দেওয়াদের দৃষ্টান্তমূলক শাস্তির বদলে পুরস্কৃত করা হচ্ছে, অন্যদিকে নিরুৎসাহিত করা হচ্ছে বৈধ ও সৎ উপায়ে উপার্জনকারী করদাতাদের।”
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারে কালো টাকার বিরুদ্ধে অবস্থান ঘোষিত হলেও নির্বাচনের দেড় বছর আগে টাকা সাদা করার সুযোগ দেওয়া সরকারের কথিত দুর্নীতিবিরোধী অবস্থান ও সুশাসনের অঙ্গীকারের পরিপন্থী বলে উল্লেখ করেছে টিআইবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআই/এমআই/২২৩৬ ঘ.
bdnews24