২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭.২% প্রবৃদ্ধি ধরে বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী

২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ ধরে ২০১২-১৩ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর ঘণ্টাখানেক আগেই মন্ত্রিসভা এই বাজেট অনুমোদন করে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে ছিলেন। বিরোধী দলের অনুপস্থিতিতেই সংসদে মহাজোট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট দিচ্ছেন মুহিত। নির্বাচনের দেড় বছর বাকি থাকতে নতুন অর্থবছরের জন্য বড় ব্যয়ের বাজেট দিতে যাচ্ছে সরকার, যাতে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, বন্দর, ভৌত অবকাঠামো, কৃষি-পল্লী ও মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাত। অর্থমন্ত্রী ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করছেন। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে (বৈদেশিক অনুদানসহ) ৪৬ হাজার ২৪ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ৫২ হাজা ৬৮ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ৮৮৪ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ২৩ হাজার কোটি টাকা। চলতি বাজেটে ব্যাংক থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও পরে তা বেড়ে ২৯ হাজার ১১৫ কোটি টাকায় দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এমআই/১৬০০ ঘ.