ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সংসদে ২০১২-১৩ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরের পর সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে ছিলেন।
মন্ত্রিসভায় অনুমোদিত এই বাজেট প্রস্তাব কিছু সময় পরই সংসদ অধিবেশনে উপস্থাপন করবেন মুহিত।
নির্বাচনের দেড় বছর বাকি থাকতে নতুন অর্থবছরের জন্য বড় ব্যয়ের বাজেট দিতে যাচ্ছে সরকার, যাতে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, বন্দর, ভৌত অবকাঠামো, কৃষি-পল্লী ও মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাত।
বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হচ্ছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় এক লাখ ৩৫ হাজার ৫০ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় (এডিপি) ৫৫ হাজার কোটি টাকা।
এর বিপরীতে বাজেটে আয়ের (রাজস্ব আদায়) লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এক লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা।
সেক্ষেত্রে ঘাটতি থাকছে ৪৯ হাজার ৬৮০ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৮ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে এবং বিদেশি ঋণ সহায়তা দিয়ে।
বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট প্রণয়ন নিয়ে সর্বশেষ গত ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানেই এক লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।”
সিদ্ধান্তের আলোকেই অর্থ মন্ত্রণালয় বাজেটের রূপরেখা চূড়ান্ত করে বলে জানান তিনি।
অর্থমন্ত্রীও বিভিন্ন সময় জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটের আকার হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকার মতো।
এমন এক সময়ে তাকে এই বাজেট দিতে হচ্ছে, যখন অর্থনীতির বেশিরভাগ সূচকই রয়েছে নেতিবাচক অবস্থানে। অন্যদিকে সরকারের মেয়াদের সাড়ে তিন বছর পেরিয়ে যাওয়ায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্যও এটাই তার শেষ সুযোগ।
গত তিন বারের মতো এবারও প্রধান বিরোধীদল বিএনপির অনুপস্থিতিতেই বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এটি হবে বর্তমান সরকারের চতুর্থ বাজেট।
অবশ্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে তার দলের ‘বাজেট ভাবনা’ উপস্থাপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24