চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগের জন্য চট্টগ্রাম উপযুক্ত স্থান হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হেং উয়িং।
রোববার বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মত বিনিয়কালে হাইকমিশনার বলেন, চীনের শ্রমবাজার অত্যধিক ব্যয়বহুল হয়ে ওঠায় সিঙ্গাপুরের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বিনিয়োগের নতুন স্থান খুঁজছেন।
বিনিয়োগের পরিবেশ পরিদর্শন ও যাচাইয়ের জন্য তিনি চট্টগ্রাম সফর করছেন জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও আকর্ষণের ক্ষেত্রে অভ্যন্তরীণ অবকাঠামো, সরবরাহ ব্যবস্থা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারকে অবশ্যই আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে।
চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম-সিঙ্গাপুর রুটে ‘সিল্ক এয়ার’ পুনরায় চালু ও এ অঞ্চলের ব্যবসায়ীদের সুবিধায় ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান।
সিঙ্গাপুরের আদলে এদেশে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ শাহীন আলম।
মতবিনিময়ে অন্যদের মধ্যে ঢাকায় সিঙ্গাপুরের কনসাল ড্যারীল ল এবং ওরিয়েন্ট কন্টেইনার লাইন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডেরেক চুয়া উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২০০ ঘ.
bdnews24