২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের ব্যাংক হিসাবে কোটি টাকা

সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ওমর ফারুক দাবি করেছেন, তার ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) থাকা নগদ প্রায় এক কোটি টাকার দুই তৃতীয়াংশই আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে ধার করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ওমর ফারুক দাবি করেছেন, তার ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) থাকা নগদ প্রায় এক কোটি টাকার দুই তৃতীয়াংশই আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে ধার করা। রোববার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে সম্পদের যে বিবরণী ফারুক জমা দিয়েছেন- সেখানে এমনটাই দাবি করা হয়েছে। ফারুক ছাড়াও পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও তার স্ত্রী ইয়াসমিন নার্গিস জাকিয়া, রেলওয়ের নিরাপত্তা কমান্ডেন্ট এনামুল হক ও তার স্ত্রী রাহাত আরা হক দীবা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন এদিন। প্রাথমিক তদন্তের পর গত ১৪ মে ওই পাঁচজনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। দুদকের ধারণা তাদের জ্ঞাত আয়ের বাইরেও সম্পত্তি রয়েছে। ওমর ফারুক দুদকে দেওয়া সম্পদের বিবরণী অনুযায়ী, ওমর ফারুকের উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে; সুনামগঞ্জের ধর্মপাশায় প্রায় ২০ একর জমি; রাজধানীর মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং-এ ১১’শ বর্গফুটের একটি ফ্ল্যাট; মার্কেন্টাইল ব্যাংকে ৯০ লাখ ৯৭ হাজার টাকা। ওই অর্থের মধ্যে ৬৫ লাখ টাকাই ‘ধার করা’ বলে ওমর ফারুক দাবি করেছেন। এর মধ্যে ৪০ লাখ টাকা ধার করেছেন আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে। বাকি ২৫ লাখ টাকা ধার করেছেন ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। ইউসুফ আলী মৃধা হিসাব বিবরণীতে ইউসুফ আলী মৃধা বলেছেন, মাদারীপুরে তার নামে ৩ একর জমি রয়েছে। কৃষি জমি রয়েছে প্রায় ৯ একর। স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় ঢাকার মধ্য পীরেরবাগে একটি বাড়িসহ পাঁচ কাঠার প্লট; পূর্বাচলে পাঁচ কাঠার একটি খালি প্লট; চট্টগ্রাম উন্নয়ন র্র্কক্ষৃপক্ষের (সিডিএ) এলাকায় সাড়ে ৩ কাঠার প্লট এবং ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিনান্স লিমিটেডে ১০ লাখ টাকার একটি এফডিআর রয়েছে। ইয়াসমিন নার্গিস জাকিয়া তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে- স্বামীর সঙ্গে যৌথ মালিকানায় ঢাকার মধ্য পীরেরবাগে বাড়িসহ প্লট এবং বসুন্ধরায় পাঁচ কাঠার একটি প্লট। ২০১১ সালে কেনা এ প্লটটির ক্রয় মূল্য তিনি দেখিয়েছেন ৩৫ লাখ টাকা। এছাড়া আছে মাদারিপুর ও মানিকগঞ্জে ২ একর ৩০ শতাংশ জমি। ১০ লাখ টাকা মূল্যেমানের দুইটি এফডিআর। এর একটি রয়েছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিনান্স লিমিটেডে। অন্যটি ডেলটা-ব্র্যাক হাউজিং এ। এছাড়াও তিনি তার মায়ের কাছ থেকে ৪ লাখ টাকা ধার নিয়েছেন বলে সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন। এনামুল হক বিবরণীতে এনামুল বলেছেন, তার ব্যাংক হিসাবে ১ কোটি ১৩ লাখ টাকা রয়েছে, যার মধ্যে ১০ লাখ টাকা তিনি স্ত্রীর কাছ থেকে ধার নিয়েছেন। বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার নিয়েছেন আরো সাড়ে ৪ লাখ টাকা। এছাড়া কিশোরগঞ্জে সাড়ে পাঁচ কাঠা ও নারায়ণগঞ্জে দেড় কাঠা জমি রয়েছে এনামুল হকের নামে। রাহাত আরা হক দীবা সম্পদের বিবরণীর তথ্য অনুযায়ী, এনামুল হকের চেয়ে তার স্ত্রী রাহাত আরা দীবা বেশি ধনী। তার নিজের নামে একটি প্লাস্টিক কারখানা রয়েছে। এতে তার নিজস্ব মূলধন দেখানো হয়েছে ২০ লাখ টাকা। আরো ২৫ লাখ টাকা দুটি ব্যাংক থেকে ধার নিয়েছেন তিনি। প্রায় ১১ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কারও রয়েছে। গুলশানের নিকেতনে ১ হাজার ৫৬৪ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে দীবার, যার দাম দেখানো হয়েছে ৬ লাখ ৭৭ হাজার টাকা। ভাটারায় রয়েছে ১ হাজার ৫১০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট। এর দাম দেখানো হয়েছে ২০ লাখ টাকা। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিলো। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ এবং কমান্ডেন্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। ঘটনার জের ধরে ইউসুফ ও এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্তও। এ ঘটনায় গঠিত রেলের তদন্ত কমিটি গত ১৩ মে প্রতিবেদন দেয়। এতে বলা হয়, অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ইউসুফ আলী মৃধা বা এনামুল হকের কোনো সংশ্লিষ্টতা তদন্ত কমিটি পায়নি। দুদক আলাদাভাবে এ ঘটনার তদন্ত করছে। ওমর ফারুক, ইউসুফ মৃধা ও এনামুল হককে গত ১৮ এপ্রিল জিজ্ঞাসাবাদও করেছে অনুসন্ধানকারী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮৪৭ ঘ.