২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের রানওয়ে মেরামতের কাজ শুরু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামতের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামতের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান রোববার এ কাজের উদ্বোধন করে জানান, এসফল্ট কংক্রিট আস্তরণ দেওয়ার কাজের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এর মূল কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসে। আগামী বছরের এপ্রিল মাসে শেষ হবে। মন্ত্রী বলেন, “আন্তর্জাতিকভাবে শাহজালাল বিমানবন্দরের বিশেষ গুরুত্ব রয়েছে। এ গুরুত্বের কথা বিবেচনায় রেখে সরকার বিমানবন্দরটির উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। খুব শিগগিরই দ্বিতীয় রানওয়ে নির্মান করা হবে। এর ফলে এ বিমানবন্দরটির গুরুত্ব আরও বাড়বে। সরকার পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের সংস্কার কাজ করবে বলে তিনি জানান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মাহমুদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আশির দশকে মাঝারি ধরনের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরনের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়। পরে সুপরিসর উড়োজাহাজও বিমানবন্দরে ওঠা-নামা শুরু করে। ১৯৯৫-৯৬ সালে বিমানবন্দরের রানওয়েতে ২০ সেন্টিমিটার এসফল্ট কংক্রিট আস্তরণ দেওয়া হয়। এরই মধ্যে এ আস্তরণের ক্ষমতা শেষ হয়ে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে। বর্তমানে সাময়িক মেরামত করে বিমাবন্দরের রানওয়ে বিমান চলাচলের উপযোগী রাখা হয়েছে। রানওয়েতে নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে রানওয়ের ওপরে আবার এসফল্ট কংক্রিট আস্তরণ দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। এটির নকশা প্রস্তুত ও তত্ত্বাবধানের কাজের জন্য বুয়েটের বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে। গত মার্চে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে ১৮৭ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭২০ ঘ.