ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চীন।
চীনা রাষ্ট্রদূত লি জুন এর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রোববার রেলভবনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে তার দেশের এই আগ্রহের কথা জানান।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯০ কোটি ডলারের প্রথম পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়।
এই পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। গত ২৮ মে এ প্রকল্পের বিষয়ে ‘বিস্তারিত’ প্রস্তব উপস্থাপন করে মালয়শিয়া।
যোগাযোগ মন্ত্রী ওইদিন আশা প্রকাশ করেন, মাসখানেকের মধ্যে এ বিষয়ে দুপক্ষের আলোচনা শুরু হবে এবং কয়েক মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার আগেই মালয়শিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেছিলেন, এতে কোনো সমস্যা নেই। বিশ্ব ব্যাংক চাইলে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করতে পারে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপোড়েন শুরু হওয়ার পর প্রথম পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনও আগ্রহ দেখিয়েছিল। তবে তাদের সঙ্গে সরকারের আলোচনার বিষয়টি আর এগোয়নি।
যোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি যাত্রীবাহী বগি (মিটারগেজ) সংগ্রহে শিগগিরই চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সমঝোতা স্মারক হওয়ার পরপরই দুই দেশের বিশেষজ্ঞদল প্রয়োজনীয় কারিগরি বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনা করবে।
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সম্ভাব্যতা যাচাই করার বিষয়েও চীনা প্রতিনিধিদল সম্মত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদের মধ্যে রেল বিভাগের সচিব ফজলে কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৬০১ ঘ.
bdnews24