২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকমুক্ত দিবসের পুরস্কার পাচ্ছেন আতিউর

তামাক নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ‘ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড ২০১২’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাক নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ‘ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড ২০১২’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার এক চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তিনি জানান, আগামী বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গভর্নরের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠিতে বলা হয়, “তামাক চাষে ব্যাংক ঋণ বন্ধের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে যুগান্তকারী অবদানের জন্য ২০১২ সালের বিশ্ব তামাকমুক্ত দিবসে আতিউর রহমানকে এই পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পরপরই তামাক চাষে ব্যাংক ঋণ দেওয়া বন্ধ করেন আতিউর রহমান। প্রতিবছর ৩১ মে সারা বিশ্বে তামাক নিয়ন্ত্রণে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশ্ব তামাকমুক্ত দিবসের পুরস্কার দেওয়ার মাধ্যমে সম্মাননা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে গত ৭ মে মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে আতিউর রহমানকে ভারতের ‘ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক’ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এসইউ/১৬১৯ ঘ.