২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের ইউনিট সাড়ে ১৪ টাকা

দেশে প্রথমবারের মতো চালু এই সেবা পেতে গ্রাহকদের গুণতে হবে সাধারণ হারের চেয়ে আড়াইগুণ বেশি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ইউনিটের জন্য গড়ে সাড়ে ১৪ টাকা দাম ধরে দেশে প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দাম সাধারণ সরবরাহের দামের আড়াইগুণের বেশি। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এই ঘোষণা দেন। এ সময় কমিশনের সদস্য সেলিম মাহমুদ ও ইমদাদুল হক উপস্থিত ছিলেন। ইফসুফ হোসেন জানান, তিনটি ভোল্টেজ লেভেলে এই সেবা ১ জুন থেকে কার্যকর হবে। বর্তমানে ১১ কেভি, ৩৩ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য বিভিন্ন শ্রেণীর গ্রাহকরা গড়ে সাড়ে পাঁচ টাকা দরে বিদ্যুৎ কিনছেন। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে গ্রাহকদের ১১ কেভি লাইনের জন্য প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) ১৪ টাকা ৯৯ পয়সা ও ৩৩ কেভি লাইনের জন্য ১৪ টাকা ৪৫ পয়সা দিতে হবে। এ ছাড়া ১১ কেভি লাইনের জন্য প্রতি মাসে ৪০০ টাকা সার্ভিস চার্জ এবং ৪৫ টাকা ডিমান্ড চার্জ, ৩৩ কেভি লাইনের জন্য ৪৫০ টাকা সার্ভিস চার্জ এবং ৪০ টাকা ডিমান্ড চার্জ দিতে হবে। আর গ্রাহক যদি নির্দিষ্ট চাহিদার জন্য বিতরণকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় তবে তিনটি ভোল্টেজ লেভেলেই এইসব চার্জের পাশাপাশি মাসে ৮০ টাকা করে ন্যূনতম চার্জ দিতে হবে। অন্যদিকে ১৩২ কেভি লাইনের জন্য ইউনিট প্রতি ১৩ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ৫০০ টাকা সার্ভিস চার্জ এবং ৪০ টাকা ডিমান্ড চার্জ দিতে হবে। বিইআরসি জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে হলে আগের সংযোগ ছেড়ে দিতে হবে। একই গ্রাহক দুই ধরনের সংযোগ একসঙ্গে নিতে পারবেন না। পাঁচটি বিতরণকারী সংস্থার মধ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ১১ কেভি এবং ৩৩ কেভিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এই দুটি লাইনের পাশাপাশি ১৩২ কেভিতেও বিদ্যুৎ সরবরাহ করে। সব ধরনের গ্রাহকদের জন্য পিডিবি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের এই সেবা চালুর প্রস্তাব দিলেও আপাতত শ্রমঘন এবং রপ্তানিমুখী শিল্প গ্রাহকদের জন্য তিনটি ভোল্টেজ লেভেলে এ সেবা চালু হচ্ছে। এ ব্যাপারে কমিশন চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “পরবর্তীতে আবাসিক গ্রাহকদের বিষয়টি বিবেচনা করা হবে।” গত ১৫ এপ্রিল পিডিবি বিভিন্ন ‘ভোল্টেজ লেভেলে’ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একটি নতুন মূল্যহার (ট্যারিফ কাঠামো) প্রস্তাব করে। ওই প্রস্তাবের ওপর গত ২ মে গণশুনানি হয়। পিডিবির প্রস্তাবে এই মূল্যহারকে উল্লেখ করা হয়েছে ‘কিউ’ শ্রেণীর ট্যারিফ কাঠামো হিসাবে। ‘কিউ’ শ্রেণী বলতে বোঝানো হয়েছে ‘কোয়ালিটি পাওয়ার’ অর্থাৎ মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বর্তমানে খুচরা বিদ্যুতের মূলহার নির্ধারণে ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত নয়টি শ্রেণী রয়েছে। পিডিবি ওই প্রস্তাব পাঠানোর আগে গত ১০ এপ্রিল বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বৈঠকে বেশি দামে শিল্প ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত হয়। পিডিবির প্রস্তাবে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক ৮টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হবে। এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সারাদেশের বিতরণ সংস্থা /কোম্পানি সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ করবে। সে অনুযায়ী পিডিবির বিতরণ অঞ্চল ২৭৫ মেগাওয়াট, ডিপিডিসি ১৫০ মেগাওয়াট, ডেসকো ১০ মেগাওয়াট, আরইবি ৫০ মেগাওয়াট, ওজোপাডিকো ১৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাবে। বর্তমানে তরল জ্বালানিতে প্রতি ইউনিট বিদ্যুুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা। আর গ্যাসে প্রায় ২ টাকা, কয়লায় প্রায় ৫ টাকা এবং জলবিদ্যুতে ১ টাকা ব্যয় হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/এএল/১৬৫৫ ঘ.