ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে ‘প্রাথমিক’ প্রস্তাব উপস্থাপন করেছে মালয়শিয়া সরকারের প্রতিনিধি দল।
মালয়শিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতো সেরি স্যামি এস ভ্যালুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই প্রস্তাব উপস্থাপন করেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “মালয়শিয়া প্রাথমিক প্রস্তাব পেশ করেছে। তবে আমরা এখনো বিস্তারিত দেখিনি।”
মাসখানেকের মধ্যে এ বিষয়ে দুপক্ষের আলোচনা শুরু হবে জানিয়ে কাদের বলেন, “আশা করি, কয়েক মাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে পারব। আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আমরা মনে করছি।”
‘প্রস্তাব দিলেই চুক্তি হবে না’- এমন মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী বলেন, “প্রতিনিধি দল আউট লাইন দিয়েছে, এ বিষয়ে আলাপ-আলোচনার পর দু-দেশ এক মত হলে চুক্তি করা হবে।
কেউ কারো স্বার্থ বিসর্জন দিয়ে চুক্তি করবে না বলেও মন্তব্য করেন কাদের।
মালয়শিয়ার প্রস্তাবে কি আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এগুলো আমরা এখনি বলতে চাচ্ছি না। চূড়ান্ত চুক্তির সময় সবাইকে জানানো হবে, কোনো কিছু গোপন করা হবে না।”
এ প্রকল্পের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, চুক্তি হলে পুরো ব্যয় মালয়শিয়াই বহন করবে।
মালয়শিয়ার ২৬ সদস্যের প্রতিদনিধি দলটি মঙ্গলবার পদ্মা সেতুর প্রকল্প এলাকা দেখতে মওয়া-জাজিরা পয়েন্ট পরিদর্শন করবে বলে জানান কাদের।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়।
এই পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ।
পদ্মা সেতু প্রকল্পকে ‘জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট’ একটি বিষয় হিসাবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে, তবে এ বিষয়ে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।”
এ প্রকল্পে অর্থায়নের জন্য মালয়শিয়ার সাথে অন্য কোন দেশ আগ্রহ দেখিয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, মালয়শিয়া অন্য কোনো দেশকে সঙ্গে নেবে কি না- সেটি তাদের বিষয়।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রোববার জানান, বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার পাশাপাশি কাতারকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যোগাযোগ মন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন- সেটি তার বক্তব্য।
“এ প্রকল্পে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করছি”, যোগ করেন কাদের।
‘চুক্তির খসড়া ৩০ জুনের মধ্যে’
সেতু বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ জুনের মধ্যে মালয়শিয়া পদ্মা সেতুর বিষয়ে খসড়া চুক্তিপত্র উপস্থাপন করবে।
“মালয়শিয়া প্রতিনিধি দল দুটি প্রস্তাবের কপি যোগাযোগ মন্ত্রী ও সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের হাতে তুলে দিয়েছেন। আলোচনার পর তারা ৩০ জুনের মধ্যে খসড়া চুক্তিপত্র উপস্থাপনের কথা বলেছেন”, বলেন ওই কর্মকর্তা।
পদ্মা সেতু প্রকল্পে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি।
মালয়শিয়ার প্রতিনিধিদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ক্যাপিটা ট্রাস্ট গ্রুপের প্রতিনিধিরাও এ বৈঠকে অংশ নেন।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪০১ ঘ.
bdnews24