ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষকে সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়ে এ জন্য অর্থ বরাদ্দের সুপারিশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ।
মানবসম্পদ উন্নয়নে সরকারের মনোযোগ প্রত্যাশা করে তিনি বলেছেন, “যারা বলেন, বাংলাদেশে সম্পদের অভাব রয়েছে, তারা না বুঝেই বলেন।
“পৃথিবীতে যেখানে মানবসম্পদ বেশি সেখানে এখন উন্নয়নও বেশি হচ্ছে। তাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ বাড়িয়ে আমাদের দক্ষ মানবসম্পদ আরো বৃদ্ধি করতে হবে।”
রোববার বাংলাদেশ ব্যাংকে ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেমিনার অন কারেন্ট স্টেইট অফ দি ইকনোমি অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন ফরাসউদ্দিন।
তার মতে, আগে মানবসম্পদ নিয়ে একটা সমীক্ষা করা প্রয়োজন। কোন ক্ষেত্রে কী সংখ্যক মানুষকে দক্ষ করতে হবে তা আগে নির্ণয় করতে হবে।
মানবসম্পদ উন্নয়নে বরাদ্দ বাড়ানোর সুপারিশ জানিয়ে সাবেক গভর্নর বলেন, “মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশের মতো এখন মানবসম্পদ উন্নয়নে ব্যয় হচ্ছে। এটাকে বাড়িয়ে ৫ শতাংশ করতে হবে। একবারে সম্ভব না হলে প্রতিবছর অন্তত দশমিক ৫ শতাংশ করে বাড়াতে হবে।”
দেশের অর্থনীতির বর্তমান গতিপ্রকৃতি বিশ্লেষনে সাবেক গভর্নরের মত, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনীতি ‘সবচেয়ে ভালো অবস্থায়’ রয়েছে।
“অর্থনীতির স্বাস্থ্য ফার্স্টক্লাস আছে, তা বলব না। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো আছে আমাদের অর্থনীতি,” বলেন তিনি।
তবে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন ফরাসউদ্দিন। ‘সংকোচনমূলক’ মুদ্রানীতি বাদ দেওয়ার পক্ষেও তিনি।
খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর।
“বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণের বিকল্প নেই। পরিবেশের কথা চিন্তা করতে হবে, পাশাপাশি পরিবেশের কম ক্ষতি করে কীভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যায়, তাও ঠিক করতে হবে,” বলেন তিনি।
বাংলাদেশে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে অনেকদিন ধরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলা হলেও তা গুরুত্ব পায়নি। তবে সম্প্রতি বেসরকারিখাতে কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার।
বিশ্বের বিভিন্ন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চিত্র তুলে ধরে ফরাসউদ্দিন বলেন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ শতাংশ, চীনে প্রায় ৮৫ শতাংশ এবং ভারতে ৬৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে।
ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় বিদ্যুৎ ব্যবহারের হার বাংলাদেশে কম বলেও জানান তিনি।
গ্যাস, কয়লা, তেলসহ নানা ধরনের খনিজ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন ফরাসউদ্দিন।
“ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পখাতকে সম্প্রসারিত করতে হবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। পোশাকের পাশাপাশি জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, পাটজাদ পণ্য, তৈরি খাদ্যের (চিংড়িজাত) রপ্তানি বাড়াতে হবে।”
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ২০০০ সালে নমিন্যাল জিডিপি ছিল ৪৭ বিলিয়ন ডলার, যা ২০১১ সালে হয়েছে ১০৮ বিলিয়ন ডলার।
“মাথাপিছু আয় ২০০০ সালে ছিল ৩৬৭ ডলার, যা ২০১০ সালে হয়েছে ৮১৮ ডলার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০২৫ ঘ.
bdnews24