২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: মালয়শিয়ার প্রস্তাব সোমবার

পদ্মা সেতু প্রকল্পের জন্য মালয়শিয়া সরকার সোমবার প্রস্তাব উপস্থাপন করবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 09:43 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পের জন্য মালয়শিয়া সরকার সোমবার প্রস্তাব উপস্থাপন করবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রেল ভবনে এক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “মালয়শিয়ার ৬ সদস্যর একটি প্রতিনিধি দল আসছে। আগামীকাল (সোমবার) তারা সেতু ভবনে পদ্মা সেতু নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে।” ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়। এই পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজ শুরুর জন্য গত ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। ওই সফর শেষে দেশে ফিরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মে মাসের শেষ দিকে মালয়শিয়া এ বিষয়ে চুক্তির প্রস্তাব দিতে পারে। অবশ্য গত ২০ মে মন্ত্রী বলেছিলেন, বিকল্প অর্থায়নের ব্যবস্থা না হলে প্রয়োজনে নিজস্ব অর্থেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। এ সরকারের মেয়াদেই নির্মাণ করা হবে এই সেতু। মালয়শিয়ার সাথে চুক্তি হবে এমন কোনো নিশ্চয়তা নেই উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী সেদিন বলেছিলেন, প্রস্তাবে মালয়শিয়া ও বাংলাদেশের স্বার্থের বিষয় থাকবে। দুই দেশ একমত হলেই এ বিষয়ে চুক্তি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫৩৪ ঘ.