২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে মন্ত্রিসভা কমিটি

জনশক্তি রপ্তানি, রেমিট্যান্স বাড়ানো এবং অর্জিত রেমিট্যান্সকে বিনিয়োগমুখী করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানি, রেমিট্যান্স বাড়ানো এবং অর্জিত রেমিট্যান্সকে বিনিয়োগমুখী করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠনের একটি আদেশ মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে বলা হয়, গত ১৬ মে এই মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্যের এ কমিটির নাম ‘দক্ষতা উন্নয়ন, জনশক্তি ও রেমিট্যান্স সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। আদেশে বলা হয়েছে, দক্ষতা উন্নয়ন, জনশক্তি রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধি এবং অর্জিত রেমিট্যান্সকে বিনিয়োগমুখী করতে প্রবাসী কল্যাণ ব্যাংক, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন তহবিল, শ্রমবাজার অনুসন্ধান দলের কার্যক্রম, শ্রম-উইং ও দূতাবাসগুলোর কর্মতৎপরতা এবং অভিবাসন সংক্রান্ত আইন ও বিধিমালা যুগোপযোগী করতে এ কমিটি কাজ করবে। এ কমিটিতে অর্থমন্ত্রী ছাড়াও শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন। মন্ত্রিপরিষদ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, তিনজন সিনিয়র সচিব এবং আটজন সচিব এ কমিটির সহায়তাকারী কর্মকর্তা হিসেবে কাজ করবেন। সহায়তাকারী সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন অর্থ বিভাগ এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এছাড়া পররাষ্ট্র, যুব ও ক্রীড়া, শিক্ষা, নৌ-পরিবহন, প্রবাসী কল্যাণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এতে সহায়তাকারী কর্মকর্তা হিসেবে থাকছেন। এদিকে একইদিন মন্ত্রিপরিষদ বিভাগের আরেক প্রজ্ঞাপনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীকে সভাপতি করে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের নির্বাহী কমিটি’ পুনর্গঠনের কথা বলা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এ কমিটির সদস্য সচিব হবেন। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, শিক্ষাবিদ ও তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতিরা সদস্য হিসেবে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৩ ঘ.