ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি-রপ্তানির ক্ষেত্রে নথিপত্র চালচালিতেই প্রক্রিয়ার প্রায় পুরোটা সময় ‘খেয়ে’ ফেলে বাংলাদেশ- এমনটা বলেছে বিশ্বব্যাংকের সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের একটি প্রতিবেদন।
সোমবার এক গোলটেবিল বৈঠকে এই প্রতিবেদন তুলে ধরা হলে তাতে অবশ্য ভিন্নমত পোষণ করেন সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিরা।
দীর্ঘসূত্রতা পরিমাপের পদ্ধতি নিয়ে সংশয় প্রকাশ করার পাশাপাশি উপাত্ত পর্যালোচনার কথাও বলেছেন তারা।
ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের (আইএফসি) জ্যেষ্ঠ বাণিজ্য বিশেষজ্ঞ উইলিয়াম জে গেইন বৈঠকে বলেন, আমদানির ক্ষেত্রে বাংলাদেশে ৩১ দিন এবং রপ্তানির ক্ষেত্রে ২৫ দিন সময় লাগে, যে সময় প্রতিবেশী দেশ ভারতের চেয়ে অন্তত দেড়গুণ বেশি।
তার মতে, সময় ১০ ভাগ কমানো গেলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রপ্তানি ৫ দশমিক ৮ শতাংশ বাড়ত।
জ্যেষ্ঠ বাণিজ্য বিশেষজ্ঞ উইলিয়াম জে গেইন বলেন, আমদানির ক্ষেত্রে বাংলাদেশে ৩১ দিন ও রপ্তানির ক্ষেত্রে ২৫ দিন সময় লাগে যা প্রতিবেশী ভারতের চেয়ে অন্তত দেড়গুণ বেশি।
“দাপ্তরিক আনুষ্ঠানিকতা সারতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য বাংলাদেশে ৮০ ভাগ সময় ব্যয় হয়।”
পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও আইএফসি’র যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশে দাপ্তরিক ছয়টি কাগজের প্রয়োজন হয়, সেখানে ভারতে প্রয়োজন হয় আটটির। কিন্তু বাংলাদেশে এজন্য ২৫ দিন লাগলেও ভারতে ১৬ দিনেই তা হয়ে যায়।
আমদানির ক্ষেত্রে আটটি কাজপত্রসহ বাংলাদেশে সময় লাগে ৩১ দিন, বিপরীতে ভারতে নয়টি কাগজপত্রসহ ২০ দিন প্রয়োজন হয়।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ী ও নিয়ন্ত্রণ সংস্থাগুলোর প্রতিনিধিরা এই প্রতিবেদনের সঙ্গে ভিন্নমত পোষণ করে পরিসংখ্যান বিশ্লেষণে বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেন।
শুল্ক কমিশনার সাইফুল ইসলাম বলেন, “অন্য সব কাগজপত্র বৈধ হলে শুল্ক বিভাগ থেকে আমদানির ছাড়পত্রের জন্য এক থেকে দু’দিন আর রপ্তানির ছাড়পত্রের জন্য শুধু একদিন লাগে।”
দীর্ঘসূত্রতা পরিমাপের পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, তার গত তিন বছরের মেয়াদকালে এরকম প্রায় এক ডজন সেমিনারে অংশ নিয়েছেন, যেখানে একই ধরনের উপাত্ত বিশ্লেষণ করে একই ধরনের সুপারিশ করা হয়েছে।
“িআমার মনে হয় উপাত্তগুলো আবারো পর্যালোচনা করা দরকার,” বলেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদও আইএফসি বিশেষজ্ঞের করা সুপারিশের সমালোচনা করেন।
পিআরআই’র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, “উপাত্ত বিশ্লেষণ করে আমার মনে হয়েছে, সমস্যা এখানে (কাগজপত্র তৈরি) নয়। এটা অন্য কোথাও, হতে পারে তা অবকাঠামো বা অন্য কোনো জায়গায়।”
উপাত্ত বিশ্লেষণকালে আঞ্চলিক বাজারে প্রবেশ সহজ করার জন্য ১৭টি সুপারিশ করেন আইএফসি বিশেষজ্ঞ গেইন ।
তিনি বলেন, সার্ক দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য দেশগুলোর জিডিপির ২ শতাংশেরও কম, যেখানে পূর্ব এশিয়ায় এর পরিমাণ ২০ শতাংশেরও বেশি। এ কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম ‘সমন্বয়হীন’ অঞ্চল হিসেবে চিহ্নিত।
উপাত্ত বিশ্লেষনের পদ্ধতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি তা এড়িয়ে যান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, খাদ্য দ্রব্য ছাড়া অন্যান্য দ্রব্য আমদানি ও রপ্তানিতে বেশি সময়ের প্রয়োজন হয় না।
“নানা ধরনের প্রত্যায়নের কারণে খাদ্য দ্রব্য বাণিজ্যে বেশি সময় ব্যয় হয়।”
ভারতের সমালোচনার জবাবে তিনি বলেন, “ভারতের পণ্য সস্তা বলে আমরা সেখান থেকে আমদানি করি। এটা এজন্য নয় যে, আমরা তাদের হয়ে কাজ করি।
“ভারতকে দোষ দেবেন না। ভারতের সঙ্গে ভাল বোঝাপড়া থাকলে আমাদের ভাল হবে।”
২০১০-১১ অর্থবছরে ভারত বাংলাদেশে ৪৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। পক্ষান্তরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৫১ কোটি ২০ লাখ ডলারের পণ্য। তবে তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ায় বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
আলোচনায় প্রাণ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান চৌধুরী দুই দেশের সীমান্তের বন্দরগুলোতে অপ্রতুল সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের ১২৬টি স্থলবন্দর যার মধ্যে ১৮টি বাণিজ্যের জন্য উপযোগী। কিন্তু এগুলো বড় ধরনের কাজ সামলাতে পারে না।”
উদাহরণ দিয়ে তিনি বলেন, “ভারতে ২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করতে চাইলে স্থল বন্দরে ৫০০০ ট্রাক পাঠাতে হবে। কিন্তু আমাদের প্রধান স্থলবন্দর এক মাসে সর্বোচ্চ ২০০০ ট্রাক সামলাতে পারে।”
ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে বাণিজ্য বাড়াতে স্থলবন্দরগুলোকে ব্যবহারোপযোগী করার পরামর্শ দেন তিনি।
পরিবহন বিশেষজ্ঞ ড. এম রহমতুল্লাহ বলেন, বাণিজ্য ত্বরান্বিত করার ক্ষেত্রে অবকাঠামোই মূল শক্তি।
“কার্যকর রেল যোগাযোগ না থাকার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই,” বলেন তিনি। সড়ক পথগুলোর দুরবস্থার কথাও বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/০০২৪ ঘ.
bdnews24