২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের মান নির্ধারণে গবেষণাগার স্থাপনের আহ্বান

রপ্তানিমুখী তৈরি পোশাকের মান নির্ধারণে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) নিজস্ব গবেষণাগার স্থাপনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানিমুখী তৈরি পোশাকের মান নির্ধারণে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) নিজস্ব গবেষণাগার স্থাপনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। রোববার দুপুরে বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে বিএসটিআই মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের মান যাচাই করে বাইরের কোম্পানিগুলো কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে।” এ ধরণের পরীক্ষা সহজেই দেশে করা সম্ভব বলে তিনি মনে করেন। সভায় উপস্থিত শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এবং বিএসটিআই মহাপরিচালক এ কে ফজলুল আহাদকে উদ্দেশ্য করে বিএসটিআইএর তত্ত্বাবধানে একটি গবেষণাগার স্থাপনের অনুরোধ জানিয়ে বলেন, “প্রয়োজনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটা করা হবে। আপনারা জায়গা দিন, আমরা টাকা দিব।” শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বিএসটিআইয়ের উদ্যোগে এ রকম একটি গবেষণাগার স্থাপনের তাগিদ দিয়ে বলেন বলেন, “প্রয়োজনে পরীক্ষাগারটিকে আরো আধুনিক করে গড়ে তোলার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে যতোটুকু সাহায্য করা দরকার তার জন্য আমরা সচেষ্ট থাকবো।” ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব পরিমাপ দিবস পালিত হয়ে আসছে। এবারের বিশ্ব পরিমাপ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘সঠিক পরিমাপ নিরাপদ জীবন নিশ্চিত করে।’ বিএসটিআই মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, “ব্যবসা-বাণিজ্যের কারিগরি বাধা অপসারণ, পণ্যের গুনগত মান ও পরিমাপ নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তার সঙ্গে মেট্রোলজি ওতোপ্রোতভাবে জড়িত। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড (ব্যাব)- এর মহাপরিচালক আবু আবদুল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৭২৯ ঘ.