২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ ছাড়াই পদ্মা সেতুর ‘স্বপ্ন’ কাদেরের

২৪ হাজার কোটি টাকার এই প্রকল্পের জন্য এডিপিতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্তের পরদিনই যোগাযোগমন্ত্রী এক কথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ঋণ নেওয়া ছাড়াই ২৪ হাজার কোটি ব্যয়ের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কথা বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে থাকা এই প্রকল্পের জন্য আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্তের পরদিনই তিনি একথা বললেন। আগামী নয় মাসের মধ্যে দেশের বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিকল্প অর্থায়নের ব্যবস্থা না হলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।” ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দিতে চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। এর ফলে মহাজোট সরকারের এই নির্বাচনী এই অঙ্গীকার বাস্তবায়ন আটকে যায়। বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে অর্থায়নের জন্য মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। গত মাসে মালয়শিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক হলেও বিশ্ব ব্যাংকের সঙ্গেও আলোচনায় ছেদ টানেনি সরকার। মালয়শিয়ার সঙ্গেই চুক্তি হচ্ছে কি না- জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, “এমন কোনো নিশ্চয়তা নেই। দুই দেশ একমত হলে এ বিষয়ে চুক্তি হবে।” ২৮ মে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ার সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যাবে বলে জানান তিনি। এরপর তা বিবেচনা করবে সরকার। “দেশের স্বার্থ বিসর্জন করে কোনো চুক্তি করা হবে না,” বিরোধী দলের সমালোচনার মধ্যে বলেন কাদের। বিএনপি কয়েকদিন আগেই এক সংবাদ সম্মেলনে সরকারকে হুঁশিয়ার করেছে, বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে বিকল্প উৎস থেকে দেশের স্বার্থ ক্ষুন্ন করে ঋণ নিলে তারা ক্ষমতায় গেলে প্রকল্প বাতিল করে দেবে। যোগাযোগমন্ত্রী বলেন “বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে আশা হারাতে চাই না, বিশ্ব ব্যাংক দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বা অন্য কোনো প্রকল্পেও এই অর্থ দিতে পারে।” জটিলতার অবসানে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ঢাকা সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নির্বাহী পরিচালক অশোক কুমার লাহিরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন যোগাযোগমন্ত্রী। বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবিও পদ্মা সেতুতে অর্থায়নে চুক্তিবদ্ধ। তাদের দেওয়ার কথা ৬১ কোটি ৫০ লাখ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭২২ ঘ.