২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান-চাল কেনায় ‘সাড়া’ মিলছে না

দুই সপ্তাহে গুদামে এসেছে মাত্র ১২০ টন ধান-চাল। কৃষকদের অনাগ্রহ দেখে তাদের সচেতন করতে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মহসীনুল করিমের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 05:13 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

মহসীনুল করিম জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরুর দুই সপ্তাহে সরকারি গুদামগুলো মাত্র ১২০ মেট্রিক টন ধান ও চাল জমা পড়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের খাদ্য গুদামগুলো সংগ্রহ এ ধান ও চালের মধ্যে ১১৮ টন চাল এবং দুই টন ধান বলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান। এজন্য কৃষকদের আগ্রহী করতে খাদ্য অধিদপ্তর বিশেষ প্রচারের উদ্যোগ নিতে যাচ্ছে। চলতি সপ্তাহেই জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে মাইকযোগে প্রচার শুরু হবে বলে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন। চলতি বোরো মৌসুমে দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ১০ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করে ৩ মে থেকে সংগ্রহ অভিযান শুরুর কথা জানালেও এক সপ্তাহেও স্থানীয় পর্যায়ে চিঠি পৌঁছেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর অনুসন্ধানে ধরা পড়ে। ২৮ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা কেজি দরে চাল কেনার কার্যক্রম আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চালানোর পরিকল্পনা হয়েছে। অভিযান শুরুর দুই সপ্তাহেও সাড়া না পাওয়ার কথা স্বীকার করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষকদের প্রণোদনা দিতে সরকার তাদের কাছে থেকেও সরাসরি ধান ও চাল সংগ্রহ করতে আগ্রহী। কিন্তু কৃষকরা সরকারি গুদামে ধান ও চাল দিতে চায় না।” সরকারি গুদামগুলোতে সাধারণত বিভিন্ন শর্ত মেনে চালকল মালিকরাই চাল সরবরাহ করে থাকে। খাদ্যমন্ত্রী বলেন, সরকারের অনুমোদিত আর্দ্রতার মাত্রাসহ কোনো কৃষক ধান অথবা চাল সরকারি গুদামে সরবরাহ করলে তা নেওয়া হবে। এক্ষেত্রে মূল্য পেতে কৃষকদের সম্ভাব্য জটিলতাগুলোও শিথিল থাকবে। কারণ সরকার চায়, কৃষকরা সরাসরি সরকারি গুদামে ধান ও চাল সরবরাহ করে তার উৎপাদন মূল্য এবং সরকারিভাবে ঘোষিত মুনাফা পাক। কৃষকদের পাশাপাশি সরকার প্রত্যেক বছরের মতো এবারো তালিকাভুক্ত চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করবে। এজন্য খাদ্য অধিদপ্তর থেকে বণ্টন করা পরিমাণ অনুযায়ী স্থানীয় খাদ্য গুদামের কর্মকর্তারা ধান ও চাল সংগ্রহ করবেন। জেলা ও আঞ্চলিক খাদ্য গুদামের দায়িত্বশীল কর্মকর্তারা এজন্য স্থানীয় চালকল মালিকদের সঙ্গে চুক্তি করতে শুরু করেছে বলে জানান খাদ্যমন্ত্রী। চুক্তি অনুযায়ী, সরকারি গুদামে চাল সরবরাহ করতে ইতোমধ্যে স্থানীয় চালকল মালিকরা ধান কেনা শুরু করেছে। ধান কিনে সেদ্ধ করা, শুকানো এবং ভাঙা শেষে তারা চাল গুদামে সরবরাহ করবে। এতে আরো অন্তত ৩০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে। “ফলে গুদামে চাল ঢুকতে শুরু করবে আরো অন্তত একমাস পরে”, বলেন রাজ্জাক। এ বিষয়ে চালকল মালিক সমিতির সভাপতি লায়েক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহের মঙ্গলবার থেকে সরকারের সঙ্গে চালকল মালিকদের চুক্তি সই শুরু হয়েছে। এ অনুযায়ী কোথাও কোথাও ১০ থেকে ১২ টন পর্যন্ত চাল গুদামে সরবরাহও করা হয়েছে। তবে পুরোদমে শুরু হতে আরো অন্তত একমাস সময় লাগবে, বলেন তিনি। লায়েক আলী জানান, দেশে বর্তমানে প্রায় ১৭ হাজার চালকল রয়েছে। এর মধ্যে শুধু আগ্রহী চালকলের মালিকদের সঙ্গে সরকার চুক্তি করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করতে না পারলে সরকার জামানত বাজেয়াপ্তও করতে পারবে। এদিকে সরকারি গুদামগুলো বোরো ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে সঠিক মান বজায় রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার খাদ্য সংগ্রহ পরিস্থিতি নিয়ে খাদ্য ভবনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় নিয়মের লঙ্ঘণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১১০১ ঘ.