ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সুশাসনের জন্য দুর্নীতিকে প্রধান অন্তরায় হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর পাশাপাশি আইনের শাসন পুরোপুরি বাস্তবায়ন না হওয়াকেও চিহ্নিত করেছেন তিনি।
শনিবার সোনারগাঁও হোটেলে সুশাসন বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সুশাসনের অন্তরায় দুটি তুলে ধরেন মুহিত।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান।
“ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা ভূমি রেকর্ড, হস্তান্তরের দায়িত্বে থাকা সব সংস্থা দুর্নীতিগ্রস্ত এবং বাংলাদেশে আইন থাকলেও পুলিশ তা বাস্তবায়নে ব্যর্থ,” বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ৭৫ শতাংশ মামলাই জমিকেন্দ্রিক। ভূমি জরিপ প্রক্রিয়া ডিজিটালাইজড হলে এসব মামলার ৫০ শতাংশই মীমাংসা হয়ে যাবে।
জমি বিষয়ক বিস্তর কাগজপত্র প্রস্তুত করতে হয় বলে অনেক উদ্যোক্তাই ব্যবসা থেকে পিছিয়ে আসেন বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ থানায় সাধারণ ডায়রি (জিডি) উন্মুক্ত করে দিলে দুর্নীতি কমবে বলেও মত দেন অর্থমন্ত্রী।
সরকারি বিভিন্ন সংস্থার সিটিজেনস চার্টার থাকলেও সরকারি কর্মকর্তা বা জনগণ কেউই এ নিয়ে সচেতন নয় বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/২২৩০ ঘ.
bdnews24