২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বাড়ানো নিয়ে দ্বিধায় ওরাসকম

গ্রাহক সংখ্যা আড়াই কোটি ছাড়ানো উপলক্ষে ঢাকায় সংবাদ সম্মেলনে আসা ওরাসকমের গ্রুপ সিইও আবু দোমা অসন্তোষ জানিয়েছেন থ্রি জি লাইসেন্স ফি এবং ভ্যাস লাইসেন্সের নীতিমালা নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

শামীম আহমেদ জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগ বাড়ানো হবে কি না, তা নিয়ে দ্বিধার কথা জানিয়েছেন ওরাসকমের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ আবু দোমা। থ্রি জি লাইসেন্সের প্রস্তাবিত ফি বেশি এবং ভ্যাস লাইসেন্সের প্রস্তাবিত নীতিমালা আন্তর্জাতিক মানের নয় মনে করেই এই দ্বিধা বাংলালিংকের মালিক প্রতিষ্ঠান ওরাসকমের শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তার। গ্রাহক সংখ্যা আড়াই কোটি ছাড়ানোর ঘোষণা দিয়ে শনিবার ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলালিংক। এতে ছিলেন ওরাসকমের গ্রুপ সিইও আবু দোমা, যিনি এক সময় বাংলাদেশে দায়িত্ব পালন করেন। নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপ বিবেচনায় টেলিকম খাতে বিনিয়োগ পরিকল্পনা জানতে চাইলে আবু দোমা বলেন, “প্রস্তাবিত থ্রি জি গাইডলাইন ও মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স খসড়া পুনর্বিবেচনা উচিৎ। “তা না হলে আগামীতে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে স্বস্তি বোধ করতে পারছি না।” ২০১০ সালের জুন পর্যন্ত বাংলাদেশে টেলিকম খাতে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগের ২০০ কোটি ডলার (ডলারের বর্তমান বাজারদরে প্রায় ১৭ হাজার কোটি টাকা) ওরাসকমের বলে জানান আবু দোমা। থ্রি জি তরঙ্গ বরাদ্দের নিলামের বিষয়ে আবু দোমা বলেন, “প্রস্তাবিত থ্রি জি গাইডলাইনে স্পেকট্রাম ফি বেশি ধরা হয়েছে, এ বিষয়টি বিটিআরসি ও মন্ত্রণালয়কে পুনর্বিবেচনা করা উচিৎ। এত অর্থ দিয়ে থ্রি জি লাইসেন্স নেওয়া ব্যবসাবান্ধব হবে না।” থ্রি জি লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করার আগে অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় আসা উচিৎ বলেও মনে করেন তিনি। গত মার্চ মাসে ‘সেলুলার মোবাইল ফোন সার্ভিস (থ্রি জি/ফোর জি/এলটিই) রেগুলেটরি লাইসেন্স গাইড লাইন ২০১২” নামে প্রস্তাবিত খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। এ নীতিমালায় নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের জন্য ৩ কোটি ডলার বিড মানি নির্ধারণ করা হয়েছে। থ্রি জির জন্য অপারেটরদের ১০ মেগাহার্টজ স্পেকট্রাম নিতে হবে। মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স খসড়া নিয়ে আবু দোমা বলেন, আগামীতে থ্রি জি আসার পর মূল ব্যবসা হবে ডাটাভিত্তিক, তাই এই নীতিমালা আন্তর্জাতিক মানের হয়নি। মোবাইল ফোনের মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) লাইসেন্স বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে নিতে হবে উল্লেখ করে গত মার্চে খসড়া নীতিমালা তৈরি করা হয়। খসড়া নীতিমালা অনুযায়ী, লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠান টেলিকম ভ্যাস অপারেটর হিসেবে পরিচিত হবে। মোবাইল অপারেটরদের বিদ্যমান প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করেই তারা ভ্যাস সেবা দেবে। দ্বিতীয় প্রজন্মের ((টু জি) লাইসেন্স নবায়নের বিষয়টির জটিলতা দ্রুত সমাধানের পরামর্শ দেন ওরাসকমের গ্রুপ সিইও। গত বছর নভেম্বরে গ্রামীণফোনসহ চারটি মোবাইল অপারেটরের টু জি লাইসেন্সের মেয়াদ শেষ হয়। লাইসেন্স নাবায়ন নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে লাইসেন্স নবায়ন বিষয়টি আদালতে বিচারধীন রয়েছে। বাংলালিংকের গ্রাহক সংখ্যা আড়াই কোটি পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করে আবু দোমা বলেন, “আড়াই কোটি গ্রাহক আমাদের প্রতি তাদের এই আস্থা স্থাপন করেছেন যে, আমরা তাদের প্রত্যাশা পূরণের সামর্থ্য রাখি।” দুদিনের সফরে আহমেদ আবু দোমা শনিবার সকালে ঢাকায় আসেন। গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটরের সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে বাংলালিংক নতুন ৪৪ লাখ ৩০ হাজার গ্রাহক পেয়েছে। এই বছরের এপ্রিল পর্যন্ত যোগ হয়েছে আরো ১২ লাখ ৬০ হাজার। বাংলালিংকের সিএফও মোহামেদ ওসমান বলেন, “বাংলাদেশে ওরাসকমের কার্যক্রম শুরুর লক্ষ্যই ছিল বাজারের বড় এক শক্তি হয়ে ওঠা এবং এই লক্ষ্য অতি অল্প সময়ের মধ্যেই পূরণ হয়েছে।” গ্রাহক সংখ্যা আড়াই কোটি ছাড়ানোয় গ্রাহকদের জন্য নিয়ে ২৫ টি ফ্রি এসএমএস এবং ২৫ মেগাবাইট ইন্টারনেট সুবিধা দিচ্ছে বাংলালিংক। গ্রাহকরা একটি এসএমএস এর মাধ্যমে নিবন্ধন করে আগামী ২৫ মে পর্যন্ত এই সুযোগ নিতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০২১ ঘ.