আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে সর্বোচ্চ আট হাজার কোটি টাকা বরাদ্দসহ ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫৪ হাজার ৩০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন পাচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) এই এডিপি অনুমোদন দেওয়া হবে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম।
তিনি বলেন, “নতুন এডিপিতে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৩২ হাজার ৮০০ কোটি টাকা, আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ২১ হাজার ৫০০ কোটি টাকা। আর মোট প্রকল্প সংখ্যা এক হাজার ৩৭।”
এদিকে প্রথমবারের মতো সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি কমিশন গঠন করা হচ্ছে। নতুন অর্থবছরের শুরুতেই কমিশন গঠন করা হবে বলে জানান শামসুল আলম।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, গতবারের মতো এবারও এডিপিতে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি সাত হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বরাদ্দের ১৪ দশমিক ৫৭ শতাংশের বেশি। এর আগে কখনই এডিপিতে বিদ্যুতের জন্য এতো বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
দ্বিতীয় স্থানে রয়েছে পরিবহন খাত। এর বরাদ্দ সাত হাজার ৭৬৩ কোটি টাকা। এরপর শিক্ষা ও ধর্ম খাতে বরাদ্দ রয়েছে ছয় হাজার ৩৩৫ কোটি টাকা।
খাতওয়ারি বরাদ্দের বাইরেও স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে এক হাজার ৫১৭ কোটি টাকা থোক রাখা হয়েছে এডিপিতে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে। এর বাইরে থোক বরাদ্দ হিসেবে এক হাজার ৭৪০ কোটি টাকা রাখা হয়েছে।
এসব তথ্য নির্বাচনী এডিপি’র ইঙ্গিত কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা (সরকার) আমাদের নির্বাচনী অঙ্গীকারকে সামনে রেখে এডিপি প্রণয়ন করছি। আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম বিদ্যুৎ সংকট দূর করতে যা যা করা দরকার সব করবো।”
“মূলত আগামী বাজেট হবে আমাদের সরকারের মেয়াদের শেষ বাজেট। এর পরের বাজেটের অর্ধেকেরও কম সময় আমরা ক্ষমতায় থাকবো। সে বিবেচনায় আগামী বাজেটই হবে আমাদের ওয়াদা পূরণের শেষ বাজেট। সেক্ষেত্রে কেউ যদি নির্বাচনী গন্ধ পান তাহলে আমাদের করার কিছু নাই,” বলেন মুহিত।
চলতি ২০১১-১২ অর্থবছরের মূল এডিপি’র আকার ছিল ৪৬ হাজার কোটি টাকা। কিন্তু বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় গত ১ এপ্রিল তা থেকে পাঁচ হাজার কোটি টাকা ছেঁটে ৪১ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
গত কয়েক বছরের এডিপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়, ২০০৮-০৯ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়, ২০০৯-১০ অর্থবছরে ৩০ হাজার ৫০০ কোটি টাকার এডিপি কাঁটছাট করে নামিয়ে আনা হয় ২৮ হাজার ৫০০ কোটি টাকায় এবং ২০১০-১১ অর্থবছরে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা থেকে কমিয়ে আনা হয় ৩৫ হাজার ৮৮০ কোটি টাকায়।
প্রায় প্রতিবছরই সংশোধিত এডিপিতে বরাদ্দ কমলেও প্রকল্প সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০১১-১২ অর্থবছরের মূল এডিপিতে প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৯টি থাকলেও সংশোধিত এডিপিতে তা বাড়িয়ে ১ হাজার ১২৮টি করা হয়।
রাজনৈতিক বিবেচনায় প্রকল্প সংখ্যা বেড়েছে কি না- এমন প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, “না, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প বাড়েনি, দেশের উন্নয়নেই বেড়েছে।”
আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলছেন, অর্থবছরের শেষ সময়ে এসে এডিপি বাস্তবায়নের সংস্কৃতি পরিহার করা উচিত।
তার মতে, “এডিপি’র আকার বড় হলে দোষের কিছু নেই। প্রশ্ন হচ্ছে বাস্তবায়ন নিয়ে। অর্থবছরের শেষ ভাগে এসে বাস্তবায়ন নিয়ে তোড়জোর শুরু হয়। এতে কাজের মান ভালো হয় না। এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একই গতি থাকতে হবে।”
“এক্ষেত্রে সরকার যদি বিদ্যুৎ খাতে বেশি বরাদ্দ দিয়ে তা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, দেশের মানুষ বিদ্যুৎ পায়- সেটাই হবে আসল কথা। এখানে নির্বাচনী গন্ধ আসলেও দোষের কিছু নেই,” যোগ করেন ফরাসউদ্দিন।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের নীতিনির্ধারকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের আগে সরকার যতদূর সম্ভব বিদ্যুৎ সমস্যার সমাধান করতে চায়। নির্বাচনের আগে যেনো বিরোধীদল বিদ্যুৎ নিয়ে ইস্যু করতে না পারে- সে বিষয়টি মাথায় রেখেই বিদ্যুৎ খাতে বেশি বরাদ্দ রাখা হচ্ছে।”
ওই নীতিনির্ধারক বলেন, “বিদ্যুৎ খাতে যদি নির্ধারিত বরাদ্দের বেশি অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রেও অর্থ সংস্থান করতে অর্থমন্ত্রণালয়কে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।”
আগামী ২৭ মে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করবেন।
নিয়ম অনুযায়ী, সংসদে বাজেট পেশের আগে নতুন এডিপি এনইসিতে অনুমোদন করিয়ে নিতে হয়। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এনইসি’র বৈঠক বসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১১০৮ ঘ.
bdnews24