ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৮২ দশমিক ৩ মেগাওয়াট ক্ষমতার নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বিদেশি এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) গ্যাসভিত্তিক এই কেন্দ্রটি নির্মাণ করছে। নতুন এই কেন্দ্রটি নিয়ে সরকার এ পর্যন্ত ৫৩টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই করল।
বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ওই চুক্তিতে সই করেন এপিএসসিএল এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন।
এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৬ কোটি ৭৫ লাখ টাকা।
এই অর্থ বিদেশি চারটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ দশমিক তিন শতাংশ সুদে ১০ বছর মেয়াদী এ ঋণ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (দক্ষিণ) নামে নতুন এই কেন্দ্রটি ২৭ মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করবে।
২০১৫ সালের জানুয়ারিতে কেন্দ্রটি উৎপাদনে বলে আশা করছেন ব্যবস্থাপনা পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২৩৫২ ঘ.
bdnews24