২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালকা প্রকৌশল শিল্পে সহায়তা চান উদ্যোক্তারা

ধাতু পরীক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়েছেন হালকা প্রকৌশল শিল্প খাতের উদোক্তারা। জানাচ্ছেন ফারহান ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ফারহান ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নের জন্য ধাতু পরীক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়েছে উদোক্তারা। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিইআইওএ) সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “ধাতু পরীক্ষায় ভর্তুকি দেওয়া হলে তা এ শিল্পের প্রসারে সহায়তা করবে।” ‘দ্রুত বিকাশমান’ এ শিল্পটি পুরাতন প্রযুক্তি এবং উৎপাদন প্রক্রিয়া ও ছাঁচ তৈরিতে দক্ষতার অভাবসহ বিভিন্ন বাধার মুখে পড়ছে বলে জানান এ সংগঠনের নেতারা। এছাড়া এ ক্ষেত্রে একটি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান, মান নিশ্চিতকরণে স্বীকৃত নজরদারি ও রপ্তানিমুখী বাজারজাতকরণে দক্ষতার অভাবের কথাও জানান তারা। বিইআইওএ সভাপতি রাজ্জাক বলেন, “অন্য যেকোনো শিল্পের সহায়ক হিসেবে কাজ করে হালকা প্রকৌশল শিল্প।” প্রায় ৪০ হাজার প্রতিষ্ঠান সমৃদ্ধ এ শিল্পখাতে মোটরলঞ্চ থেকে শুরু করে নৌযানের খুচরা যন্ত্রাংশ, কৃষিখাত ও খাদ্য প্রক্রিয়াকরণ, পোশাকশিল্প, পাটশিল্প, ভবন নির্মাণ, বেকারি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রের নানা ধরনের যন্ত্রাংশ তৈরি হয়। সানরাইজ ইঞ্জিনিয়ারিংয়ের মালিক রাজ্জাক বলেন, “সরকার আমাদের ভর্তুকি দিলে এর বিপুল পরিমাণ ফেরত পাবে দেশ। স্থানীয়ভাবে এসব যন্ত্রাংশ তৈরি না করা হলে বিদেশ থেকে পাঁচগুণ দাম দিয়ে এসব আমদানি করতে হতো।” ২০০৯-১০ অর্থবছরে হালকা প্রকৌশল শিল্প খাত থেকে প্রায় ৩১ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানি করা হয়, যা ওই অর্থবছরে দেশের মোট ১ হাজার ৬৫০ কোটি ডলার মূল্যের রপ্তানির ১ দশমিক ৮৯ শতাংশ। উন্নত বিশ্বের দেশগুলোতে এ শিল্পের জন্য সর্বনিম্ন খরচে ধাতু পরীক্ষার সুবিধা দেওয়া হয় জানিয়ে রাজ্জাক বলেন, স্বল্পমূল্যে ধাতু পরীক্ষার সুবিধা না দেওয়া হলে এ শিল্পের প্রসার বেশ কঠিন হবে। তিনি জানান, বাংলাদেশে ধাতু পরীক্ষার সুবিধাসমৃদ্ধ পাঁচটি পরীক্ষাগার রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সার্ভিসেসের এমএডব্লিউটিএস ইন্সটিটিউট অব টেকনোলজি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিসটেন্স সেন্টার (বিটাক) এবং বাংলাদেশ প্রকৌলশ বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ধাতু পরীক্ষার জন্য একটি পৃথক সংস্থা স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বুয়েটের ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এএসডব্লিউ কার্নি। তিনি বলেন, “এ শিল্পটি অন্য সব শিল্পের সহায়ক শিল্প। এখন তারা আরো সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরি করছে। কিন্তু ধাতু পরীক্ষার জন্য ভিন্ন প্রতিষ্ঠানের অভাবে তাদের দীর্ঘমেয়াদি ব্যয় বেড়ে যাবে, কারণ উপযুক্ত ধাতু দিয়ে তৈরি না করা হলে যন্ত্রাংশ ভালোভাবে কাজ করবে না।” তবে এসব পরীক্ষা বিনামূল্যে করা সম্ভব যে নয় তা এ শিল্প উদ্যোক্তাদের বুঝতে হবে বলে উল্লেখ করেন তিনি। একই কথা বলেন বুয়েটের ইনিস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি) পরিচালক অধ্যাপক এম কামালউদ্দিন। তিনি বলেন, “ধাতু পরীক্ষা স্পেকট্রোমিটার জাতীয় খুবই সূক্ষ্ম কিন্তু দামী যন্ত্রাংশ দিয়ে করা হয়ে থাকে। এ ধরনের পরীক্ষার জন্য অনেক প্রকৌশলী প্রতিষ্ঠান এখন ভারতে যায়।” অধ্যাপক কামালউদ্দিন বলেন, “পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে ধাতু পরীক্ষার জন্য প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিলে এ সমস্যার অন্তত একটি স্বল্পস্থায়ী সমাধান হতে পারে। মাঝারি মানের এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপন করতে ৩০ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/কিউএইচ/এসইউ/১২০৭ ঘ.