ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম)- আরো বেশি করে দেশের প্রত্যন্ত এলাকায় জনগণকে সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিসি ব্যাংক।
ব্যাংকটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।
তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের আহ্বানে সরকারি ব্যাংকগুলো দশ টাকায় কৃষকদের ব্যাংক হিসাব খুলেছে। দেশের
প্রান্তিক অবস্থানে থাকা জনগণকে সেবা দিতে এনসিসি ব্যাংকও এ ধরনের কার্যক্রমে অংশ নিতে চায়।”
ব্যাংকের বর্তমান কর্মকাণ্ডে গতি আনতে এবং গ্রাহক সেবার মান বাড়াতে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নূরুল আমিন।
নুরুল আমিন বলেন, বিভিন্ন স্থানে ১০০টি এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ৩৭টি বুথ স্থাপন করা হয়েছে। এসএমএস, টেলিব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর মতো সেবা চালু করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে প্রায় ৬০ কোটি টাকা কৃষি ঋণসহ হালকা প্রকৌশল খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগ করা হয়েছে।
“ব্যাংক গুচ্ছ ঋণ প্রকল্পের আওতায় সৈয়দপুরে ক্ষুদ্র গার্মেন্ট শিল্প, রাজশাহীর পুঠিয়ায় পাদুকা শিল্প এবং টাঙ্গাইলের রামপুরে তাঁত শিল্পে সহায়তা দিচ্ছে।”
নুরুল আমিন আরো জানান, ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে (সিএসআর) সব সময় গুরুত্ব দিয়ে এসেছে এনসিসি ব্যাংক। সিএসআরে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
১৯৯৩ সালের ১৭ মে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শুরু হয় বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংকের পথচলা।
মতিঝিলের করপোরেট কার্যালয়ের এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান নূরুল নেওয়াজ সেলিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, পরামর্শক এ কে মো. সিদ্দিক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান, আখতার হামিদ খানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০০৭ সালে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৬১১ কোটি। ২০১১ সালে তা বেড়ে ১০ হাজার ৩৫১ কোটি টাকা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/সিএস/০০২০ ঘ.
bdnews24