ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ আসছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, মালয়েশিয়ার এই প্রতিনিধি দলটি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর সার্বিক সুযোগ-সুবিধা দেখে দেশে ফিরে সুপারিশ জমা দেবে।
“তাদের প্রস্তাব মালয়েশিয়ার মন্ত্রিসভায় অনুমোদনের পরই কর্মী নেওয়া শুরু করবে দেশটি।”
গত তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। বাংলাদেশি শ্রমিকদের জন্য পূর্ব এশিয়ার এই দেশটির শ্রমবাজার আবার খুলতে গত ১৩ থেকে ১৫ মে মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করে।
মালয়েশিয়া কতোদিনের মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটা খুলতে সময় লাগবে। এতে এক মাস, দুই মাস বা তারও বেশি সময় লাগতে পারে। তবে শিগগিরই শুরু হবে।”
কাজ নিয়ে মালয়েশিয়া যাওয়ার খরচ প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, কোনো অবস্থাতেই এ ব্যয় ৫০ হাজার টাকার বেশি হবে না। মালয়েশিয়া সরকার বিমান ভাড়া বহন করলে এ অংক আরো কম হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া ও বাংলাদেশের অবকাঠামো সরেজমিনে দেখতেই ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রতিনিধিরা। তারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক ও বোয়েসেলসহ সরকারি সংস্থা ও সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখবেন।
মন্ত্রী জানান, মালয়েশিয়া সফরকালে দেশটির কর্মকর্তারা অভিবাসন ব্যয় হ্রাস এবং স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। বাংলাদেশ এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
মালয়েশিয়ায় বর্তমানে দুই লাখ ৬৭ হাজার হাতে লেখা পাসপোর্ট দেওয়া হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, কাগজপত্রবিহীন প্রায় পাঁচ লাখ কর্মীর জন্য আগামী এক বছরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া সম্ভব হবে।
শ্রমিক নিয়োগের জন্য বাংলাদেশ মালয়েশিয়ার সোর্স কান্ট্রির তালিকাভুক্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।
“শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং কর্মী প্রেরণে প্রতারণা বন্ধে ১৯৮২ সালের অভিবাসন আইন সংশোধন করা হচ্ছে। এতে কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হবে”, বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়া সফরকালে দেশটির উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। পদ্মা সেতুতে মালয়েশিয়ার বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২৩৫ ঘ.
bdnews24