২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের হিসাবে ভুল, স্বীকার মুহিতের

“বিদ্যুতের চাহিদা নিরূপণে আমাদের প্রথমেই ভুল হয়েছে। চাহিদা যখন ধরা হয়েছিল ৫ হাজার মেগাওয়াট, তখন প্রকৃতপক্ষে তা এর চেয়ে ৩ হাজার মেগাওয়াট বেশি ছিল,” বলেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 07:01 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের চাহিদা নিরুপণে সরকারের ভুল ছিল বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার আগামী অর্থবছরের বাজেট বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের ভুল হয়েছে। যে হারে চাহিদা বেড়েছে, তার হিসাব আমরা করিনি। “বিদ্যুতের চাহিদা নিরুপণে আমাদের প্রথমেই ভুল হয়েছে। চাহিদা যখন ধরা হয়েছিল ৫ হাজার মেগাওয়াট, তখন প্রকৃতপক্ষে তা এর চেয়ে ৩ হাজার মেগাওয়াট বেশি ছিল।” বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী থেকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে। সরকারের বক্তব্য অনুযায়ী গত তিন বছরে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলেও উৎপাদনের সঙ্গে চাহিদার ফারাক থাকায় লোডশেডিং করে পরিস্থিতি শামাল দিতে হচ্ছে। মুহিত বলেন, “২০১৫ সালের মধ্যে আমরা ৭ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছিলাম। এখন ৯ হাজার মেগাওয়াট উৎপাদন করতে হবে।” এদিকে পিডিবির তথ্য অনুযায়ী, গত তিন মাস ধরে বিদ্যুতের উৎপাদন প্রায় একই রয়েছে। সোমবার বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ১০০ মেগাওয়াট, আর উৎপাদন হয়েছে ৫ হাজার ১০০ মেগাওয়াট। র‌্যাডিসন হোটেলে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাাস্ট্রিজ ও মাছরাঙা টেলিভিশন আয়োজিত ওই আলোচনা সভায় বিদ্যুৎ সমস্যা নিরসনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরমর্শ দেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। কৃষিখাতে ভর্তুকি আগের সমান অর্থমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরের বাজেটে কৃষিখাতে চলতি বছরের সমান ভর্তুকি থাকবে। “চলতি অর্থবছরে কৃষি খাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আগামী বাজেটেও একই রকম থাকবে,” বলেন তিনি। সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি উপদেষ্টা সি এস করিম বলেন, “কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে না পারলে উৎপাদন বাধাগ্রস্ত হবে। এর প্রভাব বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার চেয়েও মারাত্মক হবে।” এ মুহূর্তে চাল রপ্তানি না করার জন্যও সরকারকে পরামর্শ দেন তিনি। মুল্যস্ফীতি সভায় অর্থমন্ত্রী স্বীকার করেন, ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের অতিরিক্ত ঋণগ্রহণ মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে। ন তিনি বলেন, “এ কথা ঠিক যে ব্যাংক ব্যবস্থা থেকে আমরা অনেক বেশি ঋণ নিয়ে ফেলেছি। এর প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়ছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি হয়েছে।” মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াও মূল্যস্ফীতির অন্যতম কারণ বলে দাবি করেন মুহিত। তবে দেশের অর্থনীতি সম্ú্রসারণশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরও তা সম্ú্রসারণশীল থাকবে। প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তান এ বছরের চেয়ে বাড়বে। আগামী বছর সরকারের মূল লক্ষ্য থাকবে প্রবৃদ্ধি বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানব সম্পদের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বলয় বাড়ানো, বলেন মুহিত। তবে অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে সঙ্কট বাড়ছে। “গ্যাস-বিদ্যুৎ সঙ্কটের কারণে বিনিয়োগ হচ্ছে না। মূল্যস্ফীতি উর্ধ্বমুখী। ক্যাপিটাল মেশিনারি (মূলধনী যন্ত্রপাতি) আমদানি কমে গেছে। আমদানি-রপ্তানির ক্ষেত্রেও গত বছরের মতো প্রবৃদ্ধি হচ্ছে না। ব্যাংক ঋণে সুদের হার বেশি,” নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দেখান তিনি। এমসিসিআই সহ-সভাপতি নিহাদ কবিরের সঞ্চালনায় এ আলোচনায় আরো অংশ নেন অর্থনীতিবিদ বিনায়ক সেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান, ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফএস/এএইচএ/এমআই/০১০০ ঘ.