২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মে থেকে অনলাইনে কর পরিশোধ

এছাড়া এই বছরের সেপ্টেম্বর থেকে অনলাইনে টিআইএন নেওয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের ২৬ তারিখ থেকে অনলাইনে কর পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। এছাড়া এ বছরের সেপ্টেম্বর থেকে অনলাইনে টিআইএন নম্বরও নেওয়া যাবে বলে জানান তিনি। মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের সঙ্গে এক প্রাকবাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এই দুটি তথ্য জানান। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “বাজেট প্রণয়ন একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এতে এনবিআর একটি ভূমিকা পালন করে মাত্র। আগামী বাজেটে ব্যবসায়ীদের দাবির প্রতিফলন ঘটবে বলে আশা করি।” বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে জানান তিনি। কাস্টম হাউজের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে অনলাইনে এনে এ বছরের ডিসেম্বরের মধ্যে পিএসআই (প্রি-শিপমেন্ট ইন্সপেকশন) সিস্টেম প্রথা বাতিল করা হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, এ বছরের জুলাই থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তিও চালু করা হবে। চট্টগ্রাম বন্দরকেও পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সভায় স্বাগত বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে বিনিয়োগ উৎসাহিত করা এবং দারিদ্র্য বিমোচন করতে একটি কল্যাণমুখী বাজেট প্রণয়ন করা উচিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মত দেন তিনি। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলম এনবিআর চেয়ারম্যানের কাছে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল- এলপিজি সিলিন্ডার, প্যারা ফরমালডিহাইড-এর ওপর শুল্ক প্রত্যাহার, আমদানি করা বিলেট-এর ওপর বিদ্যমান শুল্ক আর না বাড়ানো। এনবিআর চেয়ারম্যান এর পর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২১১০ ঘ.