ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের বিনিয়োগের জন্য ডলারের পাশাপাশি ইউরো ও ব্রিটিশ পাউন্ডেও বিনিয়োগ বন্ড ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার মন্ত্রনালয়ের সভাকক্ষে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করার কৌশল নির্ধারণ নিয়ে এক সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।
বর্তমানে প্রবাসীদের বিনিয়োগের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস প্রিমিয়াম বন্ড রয়েছে।
বাংলাদেশি বন্ডে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করার জন্য রোড শোসহ বিভিন্ন ধরনের প্রচারের ওপর গুরুত্ব দিতে বলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তর ও রাষ্ট্রয়াত্ব ব্যাংকের উধ্বতন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বিক্রি বাড়ানোর জন্য মুনাফার হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ দশমিক ২৫ শতাংশ করার সুপারিশ করা হয়।
এছাড়া মৃত্যুঝুকি সুবিধার পরিমান আড়াই লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা, দশ লাখ ডলার বা তার চেয়ে বেশি অর্থ বিনিয়োগকারীকে সিআইপি ঘোষণা করার সুপারিশ করা হয়।
প্রবাসীদের জন্য বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোতে বন্ড বিক্রির ক্ষমতা দেয়া, আয়কর মেলার মত বিনিয়োগ মেলা আয়োজন এবং প্রবাসীদের ই-মেইলসহ বিভিন্ন তথ্য সম্বলিত তথ্যভাণ্ডার তৈরি করে নিয়মিতভাবে বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানানোর সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭০৪ ঘ.
bdnews24