ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও আশপাশের এলাকায় বেআইনিভাবে বাণিজ্যিক ভিত্তিতে চলাচলকারী রুপালি রংয়ের ব্যক্তিগত অটো রিকশার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এবং মো. হাবিবুল গণির বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত দুটি প্রতিবেদন দেখে স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
যোগাযোগ সচিব, বিআরটিএ চেয়ারম্যান, ডিএমপি কমিশনার ও ঢাকার জেলা প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে এ ধরনের গাড়িগুলোর নিবন্ধন কেন বাতিল করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডিএমপি কমিশনারকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে।
২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকায় কী পরিমাণ অটো রিকশাকে নিবন্ধন দেওয়া হয়েছে, আগামী ৫ জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিআরটিএ চেয়ারম্যানকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।
অপর নির্দেশনায় ‘দ’ সিরিজের গাড়িগুলো নিবন্ধনের মূল নথি একই সময়ের মধ্যে আদালতে হাজির করতে বলা হয়।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নাম সর্বস্ব বার্তা সংস্থার প্যাডে ঢাকায় চলছে কয়েক হাজার সিএনজি অটো রিকশা’ শিরোনামে গত ৭ মে দৈনিক ইনকিলাবে এবং ‘প্রাইভেট ইয়েট আপ ফর হায়ারিং’ শিরোনামে গত ১৩ মে ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৪০ ঘ.
bdnews24