২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ফের সংঘর্ষ, আহত শতাধিক

সাভারের আশুলিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

সাভার, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক-পুলিশ সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিজিএমইএ। এক শ্রমিককে ‘গুম’ করার গুজবে শনিবার সংঘর্ষের সময় পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়িচাপায় এক এক নারী শ্রমিক নিহত হন। এর জেরে রোববার সকাল ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দফায় দফায় সংঘর্ষ। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা সড়কের মাঝখানে গাছের গুড়ি জড়ো করে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অন্তত ২৫টি গাড়ি ভাংচুর করে তারা।” সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে। এ সময় শ্রমিক ও পথচারীসহ আহত হয়েছে শতাধিক মানুষ। শ্রমিকরা পিছু হটে গেলে বেলা ১২টার দিকে ওই সড়কে ফের যান চলাচল শুরু হয় বলে জানান শিল্প পুলিশের আশুলিয়া জোনের এএসপি ফসিয়ার রহমান। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার কারণে হা-মীম গ্রুপের বাংলাবাজার এলাকার প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের এক শ্রমিককে পুলিশে দেওয়ার পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিক অসন্তোষ শুরু হয়। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করে এবং আর্টিস্টিক ডিজাইনে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন ওপেক্স সোয়েটার লিমিটেডের শ্রমিক কামরুন্নাহার গোলাপী (৩০)। শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার সাভারের জামগড়া, বাইপাইল, নরসিংহপুর, বাংলাবাজার এলাকাসহ আশপাশের ছোট বড় প্রায় একশ’ কারখানায় শনিবারও ছুটি ঘোষণা করা হয়। এদিকে যে শ্রমিককে পুলিশে দেওয়ার পর গুমের গুজব ছড়িয়ে পড়ে, সেই সালমান শামীম খানকে রোববার আর্টিস্টিক কারখানায় এনে শ্রমিকদের সামনে হাজির করা হয়। আর্টিস্টিক-এর মালিক হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর সভাপতি এ কে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকালে যে শ্রমিককে থানায় দেওয়া হয়েছে, তাকে মেরে লাশ গুম করার গুজব ছড়িয়ে এ বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।” উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় ‘জরুরি’ সংবাদ সম্মেলন ডেকেছে পোশাক তৈরি ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়া এলাকার পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের ঘটনায় ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরা হবে এই সংবাদ সম্মেলনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৪০ ঘ.