চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতির ভিত মজবুত হওয়ার দিকে এগোলেও পরিচালনায় ত্রুটি দেখছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম।
শনিবার চট্টগ্রামে এক প্রাকবাজেট আলোচনায় বলেন, “বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর জায়গায় চলে আসছে। অনেকেই বলেন, অর্থনীতি খারাপ অবস্থায় আছে। তা কোনোভাবেই ঠিক নয়।
“এই ব্যবস্থার খারাপ পরিচালনার কারণে আমাদের এই দশা। আমাদের দেশে দুর্নীতির অর্থনীতি দিন দিন বাড়ছে এবং তা আমরা লালন করছি,” বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
আগামী অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে মত দেন তিনি।
বাজেট প্রণয়নের সময় প্রবাসী ও পোশাক শ্রমিকদের দিকে মনোযোগ দেওয়ার পর পরামর্শ দিয়ে মইনুল ইসলাম বলেন, “আমাদের অর্থনীতি প্রবাসীদের পাঠানো অর্থ এবং পোশাক শ্রমিকদের ঘামের ওপর দাঁড়িয়ে আছে।
“কিন্তু বাজেটে অগ্রাধিকারের ক্ষেত্রে সে সব সাধারণ মানুষের প্রয়োজনীয় বিশেষ করে শিক্ষা-স্বাস্থ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য খাতকে সবসময় উপেক্ষা করা হয়।”
নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত ‘জনগণের জন্য বাজেট’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট’র নির্বাহী পরিচালক সাইদ আহমেদ।
তিনি আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তহবিল বরাদ্দের ক্ষেত্রে মূল্যায়ন করে তা দেওয়ার পরামর্শ দেন।
“আমাদের দেশের বাজেট কখনোই সাধারণ সাধারণ জনগণের জন্য মঙ্গলজনক হয় না। এর সুবিধা সবসময় ধনীরাই পেয়ে থাকে,” বলেন সাঈদ।
সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, গণফোরাম নেতা জানে আলম, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুব চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, ব্যবসায়ী মোহাম্মদ আতিক, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ ও পরিচালক আহমেদ খসরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩১ ঘ.
bdnews24